আজ ১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি চালু রেখেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে ১২ নভেম্বর থেকে ‘জয় বাংলা’ সমর্থনে এক সেনাসদস্যের বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওটিতে এক সেনাসদস্যকে বলতে শোনা যায়, “জয় বাংলাকে যারা অস্বীকার করে তারা বাঙ্গালী না, তুমি আগে জয় বাংলাকে স্বীকার করো, জয় বাংলাকে তুমি ধারণ করো, তারপর নির্বাচনের স্বপ্ন দেইখো মনা।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি ফেসবুকে ভিডিওটি প্রায় ১৫ লক্ষ বার দেখা হয়েছে এবং ১০ হাজারের বেশি সংখ্যকবার ভিডিওটি শেয়ার করা হয়েছে। এছাড়া, ভিডিওটিতে প্রায় ৩৯ হাজার প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ১৩০০ এর বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি আওয়ামী লীগ ও ‘জয় বাংলা’ স্লোগানের সমর্থনে কোনো সেনাসদস্যের বক্তব্যের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, চলতি বছরের মার্চ মাসে গাজীপুরের একটি কারখানায় শ্রমিক অসন্তোষ চলাকালে এক সেনা সদস্যের বক্তব্যের ভিডিওতে ভিন্ন অডিও সংযুক্ত করে ভুয়া এই দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে ভিডিওটিতে দেশিয় মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকের লোগো দেখতে পাওয়া যায়।
উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে দৈনিক ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে চলতি বছরের ২৫ মার্চ “গাজীপুরে সড়ক অবরোধকারীদের ৭ মিনিটের আল্টিমেটাম সেনাবাহিনীর” সিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২ মিনিট ২ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। তবে ভিডিওটিতে সেনা সদস্যকে আলোচিত ভিডিওর মতো ‘জয় বাংলা’ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইত্তেফাকের ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ গত ১৪ মার্চে আলোচ্য বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ১৪ মার্চ গাজীপুরের তেলিপাড়ায় ইস্মোগ সোয়েটার কারখানার শ্রমিকরা বোনাস ও বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে। এসময় সেনাবাহিনীর ৭ মিনিটের আল্টিমেটাম পেয়ে ১ মিনিটের মধ্যেই তারা অবরোধ প্রত্যাহার করে নেন।
অর্থাৎ, ভিন্ন ঘটনায় হ্যান্ড মাইক হাতে সেনা সদস্যের দেওয়া বক্তব্যের ভিডিওতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আলোচিত দাবির অডিও সংযুক্ত করে ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, গত মার্চে গাজীপুরে শ্রমিকদের রাস্তা অবরোধের ঘটনায় এক সেনা সদস্যের ভিডিওর অডিও পরিবর্তন করে ‘জয় বাংলা’ স্লোগানের সমর্থনে সেনা সদস্যের বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।
তথ্যসূত্র
- Daily Ittefaq: Youtube Video
- Daily Ittefaq: Website News





