সম্প্রতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর প্রেক্ষিতে গত ৮ ডিসেম্বর জামায়াতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় দাবিতে DU Insiders নামের ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রচার করা হয়। প্রচারিত ফটোকার্ডটিতে উক্ত সংঘর্ষের মুর্হুতে ধারণ করা ছবি দাবিতে লাঠিসোটা হাতে কয়েকজনের সংঘর্ষের একটি ছবি ব্যবহার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর হিন্দু ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার ঘটনায় দলটির দুই গ্রুপের সংঘর্ষের দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, রাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষের পুরোনো ছবি ব্যবহার করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে খুলনা-১ আসনে জামায়াতের হিন্দু ব্যক্তিকে মনোনয়ন দেওয়া নিয়ে দলটির দুই গ্রুপের সংঘর্ষের সত্যতা পাওয়া যায়নি।
পরবর্তীতে ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম ইত্তেফাক-এর ওয়েবসাইটে গত ২০ মার্চ রাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৫ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, ছবিটি রাজশাহীর বাঘা উপজেলার বাউশা ইউনিয়ন পরিষদের সামনে জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার। প্রত্যক্ষদর্শীর বরাতে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, গত ২০ মার্চ বাউসা ইউনিয়ন পরিষদের অনিয়ম, দুর্নীতি ও ভিজিডিং কার্ড বাণিজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর আয়োজনে মানববন্ধন চলছিল। এসময় বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিএনপির একদল নেতাকর্মী মিছিল নিয়ে সেখানে গিয়ে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়।
অর্থাৎ, আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবিটির সাথে খুলনা-১ আসনের জামায়াতে ইসলামীর হিন্দু প্রার্থী এবং দলটির কোনো সংশ্লিষ্টতা নেই।
সুতরাং, খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর হিন্দু ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় দলটির দুই গ্রুপের সংঘর্ষের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Ittefaq Website: রাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৫
- Rumor Scanner’s Analysis





