শনিবার, জানুয়ারি 24, 2026

মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ জামায়াত নেতা আটক দাবিতে ইত্তেফাকের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত ০৭ জানুয়ারি, রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে “স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হ/ত্যা প্রধান শুটার জামায়াত নেতা সহ তিনজন আটক” শীর্ষক দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যার ঘটনায় “প্রধান শুটার জামায়াত নেতা সহ তিনজন আটক” শীর্ষক তথ্যে বা শিরোনামে দৈনিক ইত্তেফাক কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ইত্তেফাকের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ইত্তেফাকের লোগো রয়েছে। তবে, এটি প্রকাশের কোনো তারিখের উল্লেখ পাওয়া যায়নি। 

দৈনিক ইত্তেফাকের লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও ইত্তেফাকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তবে, গতকাল (১০ জানুয়ারি) ইত্তেফাকের ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ইত্তেফাকের মূল ফটোকার্ডে ‘স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হ/ত্যা প্রধান শুটারসহ তিনজন আটক’ শীর্ষক বাক্য রয়েছে, যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে এর স্থলে ‘স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হ/ত্যা প্রধান শুটার জামায়াত নেতা সহ তিনজন আটক’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। 

Photocard Comparison By Rumor Scanner 

অর্থাৎ, ইত্তেফাকের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

মূল ফটোকার্ড সংবলিত ইত্তেফাকের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যার ঘটনায় পুলিশ প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে। গত ০৯ জানুয়ারি (শুক্রবার) গভীর রাতে মানিকগঞ্জ এবং গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাদের আটক করেছে। তবে, এই প্রতিবেদনে কোথাও জামায়াত নেতা আটকের বিষয়ে কোনো তথ্যের উল্লেখ নেই। 

তাছাড়া, দেশিয় অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াত নেতা আটকের বিষয়ে কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি। 

সুতরাং, রাজধানীর কাওরানবাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ জামায়াত নেতা আটক দাবিতে দৈনিক ইত্তেফাকের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img