গত ০৩ জানুয়ারি, ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট ডেল্টা ফোর্স। সেই সাথে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই প্রেক্ষিতে মাদুরোকে আটকের পরবর্তী সময়ের দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ছবিতে সামরিক পোশাক পরিহিত মাদুরোকে হ্যান্ডকাফ পরিয়ে একটি চেয়ারে বসিয়ে রাখা হয়েছে দেখা যাচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
এছাড়া, থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি নিকোলা মাদুরোর নয়। প্রকৃতপক্ষে, ইউক্রেনের ক্রেমলিন-পন্থী রাজনীতিবিদ ভিক্টর মেদভেদচুকের ছবিতে ডিজিটাল প্রিযুক্তির সহায়তায় মাদুরোর মুখমণ্ডল বসিয়ে আলোচিত দাবি সংবলিত ছবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে অন্তর্জাতিক গণমাধ্যম ‘CNN’ এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৩ এপ্রিলে “Zelensky offers Putin detained Russian oligarch in prisoner swap” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির ফিচারে সংযুক্ত ভিডিওতে থাকা দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির ব্যক্তির মুখমণ্ডল ব্যতীত তার পোশাক, জুতা, চেয়ার, পেছনের দেয়াল ও রং, দেয়াল ও মেঝেতে থাকা বৈদ্যুতিক তারসহ বাকি সকল উপাদানের মিল রয়েছে।

প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, হ্যান্ডকাফ পরিয়ে চেয়ারে বসিয়ে রাখা ব্যক্তি ভিক্টর মেদভেদচুক, যিনি ইউক্রেনীয় রাজনৈতিক দল ‘অপজিশন প্ল্যাটফর্ম ফর লাইফ’ এর সাবেক কো-চেয়ারম্যান। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর গৃহবন্দী দশা থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি।
এছাড়া, সামরিক পোশাক এবং হাতকড়া পরা অবস্থায় ভিক্টর মেদভেদচুকের এই ছবি ব্যবহারে ইউক্রেনীয় একাধিক (১, ২) সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই প্রতিবেদনগুলো থেকেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।
পাশাপাশি, ওই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিশিয়াল ফেসবুক প্রোফাইল এবং টেলিগ্রাম চ্যানেলে একই ছবি প্রচার হতে দেখা যায়। ছবির ক্যাপশনে বলা হয়েছে: “এসবিইউ (ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা)-এর সহায়তায় বিশেষ অভিযান সম্পন্ন হয়েছে।” (অনূদিত)
অর্থাৎ, প্রচারিত ছবিটি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, ২০২২ সালে আটক ইউক্রেনীয় ক্রেমলিন-পন্থী রাজনীতিবিদ ভিক্টর মেদভেদচুকের ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর মুখমণ্ডল বসিয়ে মাদুরোকে আটকের পরবর্তী সময়ের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।
তথ্যসূত্র
- CNN: Zelensky offers Putin detained Russian oligarch in prisoner swap
- Militarnyi: The detained Medvedchuk was disguised in a Ukrainian military uniform
- The Kyiv Independent: Who is Viktor Medvedchuk and why his arrest is a big deal
- Volodymyr Zelenskyy: Facebook Account
- Volodymyr Zelenskyy: Telegram Channel





