বুধবার, ডিসেম্বর 17, 2025

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল হবে জানিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত 

সম্প্রতি, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে উদ্ধৃত করে ‘ক্ষমা চেয়ে লাভ নেই’ এবং ‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল হবে’ শীর্ষক দাবি সংবলিত একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে বলতে শোনা যায়, “আমরা মনে করি ঐ রায়টি থাকা উচিত নয়। কেন উচিত নয়? উদ্দেশ্যপ্রণোদিতভাবে রায়টি লেখা হয়েছে একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য।” 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার ‘ক্ষমা চেয়ে লাভ নেই’ এবং অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ‘শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল হবে’ বলে কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর শুনানি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেলের ভিন্ন একটি বক্তব্যের ভিডিও কাটছাঁট করে আলোচিত দাবি সংবলিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ATN News এর ইউটিউব চ্যানেলে গত ০৫ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। 

Comparison : Rumor Scanner 

উক্ত ভিডিওটি পর্যালোচনায় জানা যায়, তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রেস ব্রিফিং করছেন। এসময় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল সংক্রান্ত বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে কোনো মন্তব্য করতে শোনা যায়নি। 

এছাড়া, তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর শুনানি প্রসঙ্গে সময় টিভি’র ইউটিউব চ্যানেলে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের বক্তব্য সংবলিত একই ভিডিও প্রচার হতে দেখা যায়। এই ভিডিওটি থেকেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়। 

মূলত, গত ০৫ নভেম্বরে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এসময় তিনি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। পাশাপাশি, সংক্ষিপ্ত রায়ের গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধি ২১৯ ধারার মতো অপরাধ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। 

সুতরাং, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ‘মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল হবে’ শীর্ষক বক্তব্য দিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।  

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img