শনিবার, জানুয়ারি 17, 2026

৭৫ ভাগ মানুষ আওয়ামী লীগকে চায় দাবি করে ভয়েস অফ আমেরিকা কোনো জরিপ প্রকাশ করেনি

সম্প্রতি, আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে উদ্ধৃত করে বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ কার্যক্রম নিষিদ্ধ থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগকে চায় শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

ভিডিওতে এক সংবাদ উপস্থাপককে বলতে শোনা যায়, “ভয়েস অফ অ্যামেরিকার জরিপে দেখা গেছে বাংলাদেশের (অস্পষ্ট) পার্সেন্ট লোক চায় আওয়ামী লীগ ফিরে আসুক ও আওয়ামী লীগ ক্ষমতায় বসুক।” 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘দেশের ৭৫ শতাংশ মানুষ চায় আওয়ামী লীগ ফিরে আসুক’ দাবি করে ভয়েস অফ আমেরিকা  কোনো জরিপ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, এক বছর পূর্বে ভয়েস অফ আমেরিকার করা এক জরিপে বলা হয়েছিল ৫৭ শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে।

এ বিষয়ে অনুসন্ধানে ভয়েস অফ আমেরিকার ওয়েবসাইটে ২০২৪ সালের ২৭ নভেম্বরে সর্বশেষ প্রকাশিত একটি জরিপ খুঁজে পাওয়া যায়। আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিৎ না রাজনীতি করতে দেয়া উচিত শীর্ষক প্রশ্নে একটি জরিপ করে ভয়েস অফ আমেরিকা বাংলা। 

Screenshot : VOA বাংলা 

প্রকাশিত এই জরিপের ফল অনুযায়ী, বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে। অন্যদিকে,  ৩৫ দশমিক ৫ শতাংশ মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন।

পাশাপাশি, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে থাকা ‘14 News’ শীর্ষক নাম ও লোগোর সূত্র অনুসন্ধানে কোনো গণমাধ্যমের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া ভিডিওটিতে “ব্রেকিং নিউজ, অবিদিরর বজির আল সি বায়ুসিদিয় হযান, নৌ, উ% কবার, ডাক বালি সউর সোউক নর আলার” শীর্ষক অর্থপূর্ণ নয় এমন বিকৃত লেখার ব্যবহার দেখা গেছে, যা সাধারণত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওর একটি সাধারণ ত্রুটি। 

এছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে এর ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়। ভিডিওটির দৈর্ঘ্য ০৮ সেকেন্ড। গুগলের এআই টুল Veo দিয়ে তৈরি এআই ভিডিওগুলোও ০৮ সেকেন্ড দৈর্ঘ্যের হয়ে থাকে। এ থেকে প্রতীয়মান হয় যে, ভিডিওটি ভিইও প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেল পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।  

সুতরাং, এআই-প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভিডিওকে ভয়েস অফ আমেরিকাকে উদ্ধৃত করে ‘বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ আওয়ামী লীগকে চায়’ শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img