গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ‘ওসমান হাদী হত্যার সঠিক বিচারের জন্য যে কোন সাহায্যর জন্য প্রস্তুত পাকিস্তান। শহীদ ওসমান বলেছিলেন, হাদি বলেছিলেন আমাকে মেরে ফেললে যেন অন্তত বিচার টুকু নিশ্চিত করা হয়’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল পোস্টটিতে ৩৪ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ৪ হাজারেরও অধিক বার শেয়ার করা হয়েছে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ‘ওসমান হাদী হত্যার সঠিক বিচারের জন্য যে কোন সাহায্যর জন্য প্রস্তুত পাকিস্তান’ শীর্ষক মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই শেহবাজ শরীফের নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা দেশি ও বিদেশি নানা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হতো। কিন্তু অনুসন্ধানে ওসমান হাদিকে নিয়ে শেহবাজ শরীফকে কোনোরকমের প্রকাশ্য মন্তব্যই করতে দেখা যায়নি।
তবে, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন গত ১৯ ডিসেম্বর একটি ফেসবুক পোস্টে ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এছাড়া, পাকিস্তানি যুব নেতা কামরান সাঈদ উসমানি গত ২৩ ডিসেম্বর তার ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় বলেন বাংলাদেশ আর পাকিস্তানের প্রতিটি বাচ্চাই ওসমান হাদি। ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তার ভাবনাকে মেরে ফেলা যায়নি। পাকিস্তান, পাকিস্তানের মানুষ আর পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের পাশে আছে। এছাড়াও তিনি আরো বলেন, ভারত যদি বাংলাদেশের দিকে কুদৃষ্টি দেয়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও পাকিস্তানের মিসাইল জবাব দেবে।
তবে কোথাও ওসমান হাদির বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সুতরাং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ‘ওসমান হাদী হত্যার সঠিক বিচারের জন্য যে কোন সাহায্যর জন্য প্রস্তুত পাকিস্তান’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Pakistan High Commission Bangladesh – Facebook Post
- Muhammad Kamran Saeed Usmani – Facebook Post





