সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ইনকিলাব মঞ্চ ঢাবি শাখার সদস্য সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেছেন, ‘শিবিরের শয্যাসঙ্গিনী ও সেবাদাসী হতে পেরেছি তাই সেটা নিয়ে কিছু মানুষ নোংরামি করে। কিন্তু আমি এতে মোটেও বিচলিত নই, আমি এটা এনজয় করি।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রশিবিরকে জড়িয়ে ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ফাতিমা তাসনিম জুমার নামে এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে এতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র বা তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এছাড়া, বিষয়টি যাচাইয়ে ফাতিমা তাসনিম জুমা’র ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে তার ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত দাবি সমর্থিত কোনো পোস্ট পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রিয়স্মতা আচার্য্য নামে এক নারীর করা একটি ফেসবুক মন্তব্যে জুমাকে ‘শিবিরের সেবাদাসী’ দাবি করে করা মন্তব্যের জবাবে গত ৯ ডিসেম্বর জুমা তার ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে লিখেন, ‘..এরা চিন্তাও করতে পারেনা যে একজন নারী নিজ যোগ্যতায়, সততায় ডেডিকেশনে বড়ো হইতে পারে। কোনো পুরুষের শয্যাসঙ্গী বা এজেন্ডা বাস্তবায়ন না করেও।..’
এ বিষয়ে ফাতিমা তাসনিম জুমার সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানার টিমকে জানান, আলোচিত মন্তব্যটি তার নয়।
সুতরাং, ‘শিবিরের শয্যাসঙ্গিনী ও সেবাদাসী হতে পেরেছি তাই সেটা নিয়ে কিছু মানুষ নোংরামি করে, কিন্তু আমি এতে মোটেও বিচলিত নই, আমি এটা এনজয় করি’ শীর্ষক মন্তব্য ফাতিমা তাসনিম জুমা করেছেন শীর্ষক দাবি মিথ্যা।
তথ্যসূত্র
- Fatima Tasnim Zuma – Facebook Post
- Statement of Fatima Tasnim Zuma
- Rumor Scanner’s analysis





