ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম “একাত্তরের গনহত্যার কালো দাগ জামায়াতের থাকলেও ইসলামী আন্দোলনের নেই” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইলেকট্রনিক সংবাদমাধ্যম ‘নাগরিক টিভি’ এবং দৈনিক আমার দেশের নামে পৃথক দুইটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

নাগরিক টিভির নামে ‘একাত্তরের গনহত্যার কালো দাগ জামায়াতের থাকলেও ইসলামী আন্দোলনের নেই: পীর ফয়জুল করিম’ শিরোনামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
দৈনিক আমার দেশের নামে ‘একাত্তরের গনহত্যার কালো দাগ জামায়াতের থাকলেও ইসলামী আন্দোলনের নেই: ফয়জুল করিম’ শিরোনামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম “একাত্তরের গনহত্যার কালো দাগ জামায়াতের থাকলেও ইসলামী আন্দোলনের নেই” শীর্ষক কোনো মন্তব্য করেননি এবং উক্ত দাবিতে নাগরিক টিভি ও আমার দেশ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, নাগরিক টিভি এবং দৈনিক আমার দেশের ফটোকার্ডের ডিজাইন নকল করে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের নামে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে।
নাগরিক টিভির ফটোকার্ড যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে নাগরিক টিভি’র অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে আলোচিত দাবিতে প্রচারিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। গণমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণেও জামায়াতে ইসলামীকে জড়িয়ে ফয়জুল করিমের এমন কোনো বক্তব্য প্রচার হতে দেখা যায়নি। এছাড়া, আলোচিত ফটোকার্ডটির সাথে নাগরিক টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের অমিল লক্ষ্য করা যায়। এমনকি উক্ত গণমাধ্যমের ফটোকার্ডে ছবি ব্যবহারের ফরমেটের সাথে আলোচিত ফটোকার্ডটির ছবি ব্যবহারের ফরমেটে ভিন্নতা লক্ষ্য করা যায়।

দৈনিক আমার দেশের ফটোকার্ড যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে, দৈনিক আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে আলোচিত দাবিতে প্রচারিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও আলোচিত দাবি সংবলিত কোনো সংবাদের অস্তিত্ব পাওয়া যায়নি। আলোচিত ফটোকার্ডটির সাথে দৈনিক আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের মিল থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে অফিসিয়াল ফটোকার্ডের মত শিরোনামের নিচে লাল রঙের ‘বিস্তারিত কমেন্টে’ টেক্সটটি লেখা নেই। এমনকি উক্ত গণমাধ্যমের ফটোকার্ডে ছবি ব্যবহারের ফরমেটের সাথে আলোচিত ফটোকার্ডটির ছবির সাইজ এবং ফরমেটে ভিন্নতা লক্ষ্য করা যায়।

সুতরাং, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম “একাত্তরের গনহত্যার কালো দাগ জামায়াতের থাকলেও ইসলামী আন্দোলনের নেই” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে নাগরিক টিভি এবং দৈনিক আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।





