সোমবার, ফেব্রুয়ারি 9, 2026

জামায়াত ও কওমী মাদ্রাসা নিয়ে চরমোনাই পীরের মন্তব্য দাবিতে আমার দেশের নামে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার

যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি দল আসন সমঝোতা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এই ইসলামী দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নামও রয়েছে। এরই প্রেক্ষিতে গত ১৬ নভেম্বর ‘আমার দেশ 🇧🇩 অনলাইন নিউজ’ নামে ফেসবুক গ্রুপে ‘Akter Ahmed’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে উদ্ধৃত করে দৈনিক আমার দেশ এর ডিজাইন সংবলিত তিনটি ফটোকার্ড প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

একটি ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়- ‘ক্ষমতায় গেলে আমাকে প্রধানমন্ত্রী বানাতে হবে, জামায়াতকে শর্ত দিলেন ফয়জুল করিম’।

আরেকটি ফটোকার্ডে দাবি করা হয়, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন- জামায়াতে ইসলামীর সঙ্গে মেশার ফল ভোগ করছি, আগের ধারনাই ঠিক ছিলো।

অপর ফটোকার্ডে দাবি করা হয়, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন- কওমী আলেম ও কওমী ছাত্ররা ভারতের মোদির দালাল।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে উদ্ধৃত করে দৈনিক আমার দেশ উল্লিখিত ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া, ফয়জুল করিমও আলোচিত মন্তব্যগুলো করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশ এর ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিগুলো প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে এগুলোতে জাতীয় দৈনিক আমার দেশ  এর লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ১৬ নভেম্বর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ১৬ নভেম্বর কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। ফটোকার্ডগুলো বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডগুলোর ফন্টের গাঢ়ত্ব ও লাইন স্পেসে অমিল পরিলক্ষিত হয়।

Comparison: Rumor Scanner 

দৈনিক আমার দেশ পত্রিকার নিউজ এডিটর ইলিয়াস হোসাইন ফটোকার্ডগুলো ভুয়া বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবিগুলো সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷ 

সুতরাং, জামায়াতে ইসলামী ও কওমী মাদ্রাসা নিয়ে চরমোনাই পীরকে উদ্ধৃত করে আমার দেশ এর নামে প্রচারিত উল্লিখিত ফটোকার্ড ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img