সম্প্রতি, ‘আমি অবশ্যই ২০১৩ সালে রাজাকার গোলাম আজমের ফাঁসির পক্ষে ছিলামঃ পিনাকী ভট্টাচার্য’ শিরোনামে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ছবি সংযুক্ত করে দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমি অবশ্যই ২০১৩ সালে রাজাকার গোলাম আজমের ফাঁসির পক্ষে ছিলাম’ শীর্ষক মন্তব্য করেননি পিনাকী ভট্টাচার্য এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ৮ নভেম্বর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির বাক্যে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়।

পরবর্তী অনুসন্ধানে পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পেজেও সাম্প্রতিক সময়ে এমন কোনো মন্তব্য প্রচারের নজির পাওয়া যায়নি।
তবে অনুসন্ধানে জানা যায়, মুক্তিযুদ্ধের মানবতাবিরোধী অপরাধের বিচার ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চের ব্যানারে লাগাতার আন্দোলন হয়। ঐ আন্দোলনের পক্ষে পিনাকী ভট্টাচার্যের সরব ভূমিকা ছিল।
সুতরাং, পিনাকী ভট্টাচার্যকে উদ্ধৃত করে ‘আমি অবশ্যই ২০১৩ সালে রাজাকার গোলাম আজমের ফাঁসির পক্ষে ছিলাম’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website
- Seeking Justice – Rec. of 1971 Bangladesh Genocide – Youtube Video





