শনিবার, জানুয়ারি 17, 2026

ভুয়া ফটোকার্ডে ৬০ শতাংশ ভোটারের আ.লীগকে পছন্দের দাবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মাঝেই সম্প্রতি, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ৬০ শতাংশ ভোটারের পছন্দ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। প্রচারিত ফটোকার্ডটিতে আরও দাবি করা হয়, বিএনপিকে ২২ শতাংশ এবং জামাত-এনসিপি জোটকে বাকি ১৫ শতাংশ ভোটার পছন্দ করছেন। 

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ৬০ শতাংশ ভোটারের বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দের দাবিটি ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (ইএএসডি) পরিচালিত জনমত জরিপের ফলাফল প্রকাশনী অনুষ্ঠানের ছবি ব্যবহার করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়াও ইএএসডি’র জরিপ অনুযায়ী আওয়ামী লীগ নয়, বরং ৭০ শতাংশ ভোটারের পছন্দ বিএনপি বলে জানা যায়।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, ফটোকার্ডটি কোনো গণমাধ্যমের নয়। এমনকি এটি প্রকাশের কোনো তারিখেরও উল্লেখ নেই ফটোকার্ডটির কোথাও। ফটোকার্ডটি ‘জনতার কথা’ শীর্ষক একটি লেখা দেখতে পেলেও উক্ত নামের কোনো প্ল্যাটফর্মে এমন কোনো ফটোকার্ডের সন্ধান পাওয়া যায়নি। বরং, ফটোকার্ডটি প্রচারকারী পেজ আজকের নিউজে একই ধরনের ফটোকার্ড প্রায়শই প্রচার করতে দেখা যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে উক্ত ফটোকার্ডটি আজকের নিউজ নামক পেজটি থেকেই তৈরি করে প্রচার করা হয়েছে। 

পরবর্তীতে ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির বিষয়ে অনুসন্ধানে জানা যায়, ছবিটি গত ৫ জানুয়ারি রাজধানীর ফার্মগেটে অবস্থিত কেআইবি মিলনায়তনে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) আয়োজিত একটি সভার।

Image Comparison by Rumor Scanner 

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইএএসডি আয়োজিত একটি জনমত জরিপের প্রতিবেদন ‍উপস্থাপন করা হয় বলেও জানা যায়। ইএএসডি আয়োজিত এই জনমত জরিপের তথ্যানুযায়ী আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারীদের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন বলে উল্লেখ করা হয়। এছাড়াও জামায়াতে ইসলামীর পক্ষে এই জনমত ১৯ শতাংশ। উক্ত জরিপের জন্যে সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীরে ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয় বলেও জানা যায়। তবে উক্ত প্রতিবেদনে কোথাও ৬০ শতাংশ ভোটারের বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দ এমন তথ্য আছে বলে জানা যায়নি।

কিন্তু ইএএসডি’র একই সভা নিয়ে জাগোনিউজ২৪-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটারদের মধ্যে ৬০ শতাংশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান। ধারণা করা যাচ্ছে, উক্ত তথ্যটিকেই ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্যে বিকৃত করে আলোচিত দাবি সংবলিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

ইএএসডি’র প্রতিবেদন ব্যতীত অন্যকোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও আলোচিত দাবিটির সাথে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ৬০ শতাংশ ভোটারের পছন্দ বাংলাদেশ আওয়ামী লীগ এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img