সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে জড়িয়ে দুইটি গণমাধ্যমের আদলে দুইটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘দায়িত্ব ছাড়ার পর অর্গানিক কনডমের ব্যবসা করতে চান’।
বাংলাভিশন এর নামে প্রচারিত ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘অর্গানিক কনডম ব্যবহারে অনুরোধ করলেনঃ রিজওয়ানা হাসান’।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অর্গানিক কনডমের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে জড়িয়ে প্রচারিত ফটোকার্ডগুলো কালের কণ্ঠ ও বাংলাভিশন প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমগুলোর ফটোকার্ড ডিজাইন ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।
ফটোকার্ড যাচাই – ১
ফটোকার্ডটিতে থাকা কালের কণ্ঠের লোগো ও প্রকাশের তারিখের (৯ জানুয়ারি) সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে ৯ জানুয়ারি এরূপ কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। এমনকি কালের কণ্ঠের ওয়েবসাইটেও আলোচিত দাবি সমর্থিত সংবাদ পাওয়া যায়নি। তবে একইদিনে কালের কণ্ঠের ফেসবুক পেজে একই ছবি সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডে ‘দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে সমস্যা নেই’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে আলোচিত বাক্যটি লেখা হয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের পোস্টের মন্তব্যের ঘরে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।
ফটোকার্ড যাচাই – ২
আলোচিত ফটোকার্ডে থাকা বাংলাভিশন এর লোগো ও প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে ৯ জানুয়ারি প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। বাংলাভিশন এর ওয়েবসাইটেও আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে একইদিনে বাংলাভিশন এর ফেসবুক পেজে একই ছবি সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। বাংলাভিশন এর মূল ফটোকার্ডে ‘দায়িত্ব ছাড়ার পর কাঠগড়ায় দাঁড়াতে দ্বিধা নেই: রিজওয়ানা হাসান’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে আলোচিত বাক্যটি লেখা হয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বাংলাভিশন এর এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত বাংলাভিশন এর পোস্টের মন্তব্যের ঘরে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, সৈয়দা রিজওয়ানা হাসানকে জড়িয়ে অর্গানিক কনডমের বিষয়ে কালের কণ্ঠ ও বাংলাভিশন এর নামে প্রচারিত ফটোকার্ড দুইটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kaler Kantho – Facebook Post
- BanglaVision – Facebook Post





