গত ১ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ের (ডিবি) সাইবার ইউনিটে ফেসবুকে ‘কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য’ ছড়িয়ে দেওয়ার অভিযোগে ১৮টি ফেসবুক আইডি ও ১৪টি পেজের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। পরবর্তীতে কয়েকটি পেজ এবং আইডির বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাও করেন তিনি। মামলা দায়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তাকে জড়িয়ে ভিন্ন ভিন্ন শিরোনামে বিবিসি নিউজ বাংলার ডিজাইন সংবলিত চারটি ফটোকার্ড প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

বিবিসি নিউজ বাংলার নামে ‘গুজব ছড়ানো বট সম্রাট সাদিক কায়েম নিজেই এবার মামলা করলেন গুজবের বিরুদ্ধে’ শিরোনামে ফটোকার্ড প্রচার করা হয়। এমন দাবিতে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
‘বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগে সাদিক কায়েমের বিরুদ্ধে ডাকসু নেত্রীর মামলা’ শিরোনামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
‘বিএনপির নামে মিথ্যা প্রোপাগাণ্ডা চালাচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম’ শিরোনামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
‘শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় জনপ্রিয় রম্যপেজ “দ্যা পাঙ্গাসের” নামে মামলা করলেন সাবেক ছাত্রলীগ নেতা সাদিক কায়েম’ শিরোনামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিবিসি নিউজ বাংলা আলোচিত শিরোনামগুলোতে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, বিবিসি নিউজ বাংলার ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত দাবিগুলোতে প্রচারিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে।
আলোচিত ফটোকার্ডগুলোর বিষয়ে অনুসন্ধানে বিবিসি নিউজ বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে আলোচিত শিরোনামগুলোতে প্রচারিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। উক্ত গণমাধ্যমের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও সাদিক কায়েমকে জড়িয়ে এমন কোনো সংবাদ প্রচার হতে দেখা যায়নি। এছাড়াও অন্যকোনো গণমাধ্যমেও আলোচিত দাবিগুলোতে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও বিবিসি নিউজ বাংলার আলোচিত ডিজাইন সংবলিত ফটোকার্ড পর্যালোচনা করে দেখা যায়, বিবিসি নিউজ বাংলার ফটোকার্ডে শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত দাবিগুলো প্রচারিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য রয়েছে। পাশাপাশি উক্ত গণমাধ্যমের ফটোকার্ডে ছবি ব্যবহারের ফরমেটের সাথে আলোচিত ফটোকার্ডগুলোর ছবি ব্যবহারের ফরমেটে ভিন্নতা লক্ষ্য করা যায়।

সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি ও শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু সাদিক কায়েমকে জড়িয়ে বিবিসি নিউজ বাংলার নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis





