সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরীকে জড়িয়ে তাদের ছবিসহ ‘’তাহেরির থেকে ১১৯ গুন বেশি সুদ নেয় জামাতের আমির’ শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এখানে।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত ফটোকার্ড সংবলিত সবচেয়ে ভাইরাল পোস্টটিতে এককভাবে ৮ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ও গিয়াস উদ্দিন তাহেরীকে জড়িয়ে আমার দেশ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ডিজাইনের আদলে আলোচিত ফটোকার্ড তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে জাতীয় দৈনিক আমার দেশ এর লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ১৩ জানুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ১৩ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ফটোকার্ডটি আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে তৈরি ভুয়া ফটোকার্ড।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত আলোচনার সূত্রপাত গিয়াস উদ্দিন তাহেরীর হলফনামা থেকে। হলফনামায় তিনি তার মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তার আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের সুদ।
সুতরাং, জামায়াত আমীর ও গিয়াস উদ্দিন তাহেরীকে জড়িয়ে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Amar Desh- Facebook Page
- Amar Desh- Website
- Amar Desh- YouTube





