সম্প্রতি, ‘সুখবর দিলেন পরীমনি তারেক জিয়া নৈশ ভোজনে ডেকেছেন’ শীর্ষক শিরোনামে অভিনেত্রী পরি মণির ছবি যুক্ত করে যুগান্তরের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সুখবর দিলেন পরীমনি তারেক জিয়া নৈশ ভোজনে ডেকেছেন’ শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক যুগান্তর কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যুগান্তরের লোগো ও পরী মণির ছবি রয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ২৮ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যুগান্তরের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং পরি মণির ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, যুগান্তরের ফেসবুক পেজ থেকে গত ২৮ ডিসেম্বর ‘সুখবর দিলেন পরীমনি’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
যুগান্তরের মূল ফটোকার্ডটিতে ‘সুখবর দিলেন পরীমনি’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘সুখবর দিলেন পরীমনি তারেক জিয়া নৈশ ভোজনে ডেকেছেন’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। তাছাড়া, যুগান্তরের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, যুগান্তরের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত ফটোকার্ড সংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর সিনেমা ‘প্রীতিলতা’র থেমে থাকা কাজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার শুরু হচ্ছে। অভিনেত্রী পরীমনি অভিনীত এ সিনেমাটি আগামী বছর এপ্রিলে শুরু করার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। ২০২০ সালে এ সিনেমাটি শুটিং শুরু হলেও বিভিন্ন জটিলতার কারণে বন্ধ হয়ে যায়।
অর্থাৎ, ‘প্রীতিলতা’ নামক সিনেমায় আবারও নতুন করে কাজ শুরু করতে যাচ্ছেন পরী মণি।
পাশাপাশি, তারেক রহমান কর্তৃক পরী মণিকে নৈশ ভোজনে দাওয়াত দেওয়ার কোনো তথ্যও পাওয়া যায়নি।
সুতরাং, ‘সুখবর দিলেন পরীমনি তারেক জিয়া নৈশ ভোজনে ডেকেছেন’ শিরোনামে যুগান্তরের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Daily Jugantor – Facebook Page
- Daily Jugantor – Website
- Daily Jugantor – YouTube Channel
- Pori Moni – Facebook Page
- Daily Jugantor – Facebook Post
- Daily Jugantor – সুখবর দিলেন পরীমনি





