ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর প্রেক্ষিতে তার ওপর উক্ত হামলার ঘটনা ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমের পরিকল্পনায় হয়েছে দাবিতে ‘সাবেক ছাত্রলীগ কর্মী সাদেক কায়েমের পরিকল্পনায় হাদির উপর হাম/লা?’ শিরোনামে যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘সাবেক ছাত্রলীগ কর্মী সাদেক কায়েমের পরিকল্পনায় হাদির উপর হাম/লা?’ শিরোনামে যমুনা টেলিভিশন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যমুনা টেলিভিশনের ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত দাবিতে উক্ত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে আলোচিত শিরোনামে প্রচারিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়াও গত ১৩ ডিসেম্বর থেকে এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গণমাধ্যমটি পাঁচটি ফটোকার্ড (১, ২, ৩, ৪, ৫) প্রকাশ করেছে যার কোনোটির সাথেই আলোচিত দাবির মিল নেই।
যমুনা টেলিভিশনের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবি সংক্রান্ত কোনো সংবাদ প্রচার হতে দেখা যায়নি। এছাড়াও অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবিতে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও যমুনা টেলিভিশনের আলোচিত ডিজাইন সংবলিত ফটোকার্ড পর্যালোচনা করে দেখা যায়, যমুনা টেলিভিশনের ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য রয়েছে।

সুতরাং,‘সাবেক ছাত্রলীগ কর্মী সাদেক কায়েমের পরিকল্পনায় হাদির উপর হাম/লা?’ শিরোনামে যমুনা টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis
- Jamuna Television Facebook Page
- Jamuna Television Website
- Jamuna Television Youtube Channel





