ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স। এরই প্রেক্ষিতে, “ভারত আমাকে আইপিএল থেকে বাদ দেওয়ার পেছনে তারা যাই কারণ দেখাক না কেন, আমার মনে হয় আসল ভয়টা অন্য জায়গায়। ভারতের মাটিতে আইপিএল খেললে প্রতিটি পিচ আমি ভালোভাবে বুঝে নিতে পারতাম। সেই অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের বড় চাপেই ফেলতে পারতাম। সম্ভবত সেই কারণেই আমাকে বাদ দেওয়া হয়েছে।” শীর্ষক একটি মন্তব্য মুস্তাফিজুর রহমানের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখিুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইপিএল থেকে বাদ পড়া নিয়ে মুস্তাফিজুর রহমান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই মুস্তাফিজুর রহমানের নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। আইপিএল থেকে বাদ পড়া নিয়ে মুস্তাফিজুর রহমান এমন কোনো মন্তব্য করলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো। কিন্ত, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এছাড়া, মুস্তাফিজুর রহমানের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।
তবে, গত ০৩ জানুয়ারি আজকের পত্রিকাকে মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়া নিয়ে বলেন, ‘ছেড়ে দিলে কী আর করার।’
অর্থাৎ, আলোচিত মন্তব্যটি মোস্তাফিজুর রহমান করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, আইপিএল থেকে বাদ পড়া নিয়ে মুস্তাফিজুর রহমানের নামে ছড়ানো আলোচিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Mustafizur Rahman- Facebook Page
- Mustafizur Rahman- Instargam Account
- Alker Patrika- ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ





