শনিবার, ফেব্রুয়ারি 7, 2026

দাঁড়িপাল্লার ভোট চাইতে গিয়ে বাড়িতে ঢুকে জামায়াত নেত্রীর চুরি দাবিতে বাংলানিউজ২৪ এর নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি ‘দাঁড়িপাল্লার ভোট চাইতে গিয়ে বাড়িতে ঢুকে চুরি, জামায়াত নেত্রীকে ধরে পুলিশে দিল এলাকাবাসী’ শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪ এর লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল পোস্টটিতে ১৯ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ৫ হাজারেরও অধিক বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘দাঁড়িপাল্লার ভোট চাইতে গিয়ে বাড়িতে ঢুকে চুরি, জামায়াত নেত্রীকে ধরে পুলিশে দিল এলাকাবাসী’ শিরোনামে বাংলানিউজ২৪ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, বাংলানিউজ২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বাংলানিউজ২৪ এর লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘১৪ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে বাংলানিউজ২৪ এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, বাংলানিউজ২৪ এর ফেসবুক পেজে গত ১০ জানুয়ারিতে ‘বরিশালে পরীক্ষা হলে নারীর কাছে মিলল মোবাইল’ তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

Photocard Comparison: Rumor Scanner 

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ও তারিখ ব্যতিত ডিজাইন ও ছবির মিল রয়েছে। বাংলানিউজ২৪ এর মূল ফটোকার্ডটিতে ‘বরিশালে পরীক্ষা হলে নারীর কাছে মিলল মোবাইল’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘দাঁড়িপাল্লার ভোট চাইতে গিয়ে বাড়িতে ঢুকে চুরি, জামায়াত নেত্রীকে ধরে পুলিশে দিল এলাকাবাসী’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। 

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমেবাংলানিউজ২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

মূল ফটোকার্ড সম্বলিত বাংলানিউজ২৪ পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে বরিশালে এক নারীকে আটক করা হয়েছে। গত ৯ জানুয়ারি বিকেল ৪টার দিকে বরিশাল সরকারি বিএম কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। বাংলানিউজ২৪ এর উক্ত প্রতিবেদনে আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং, ‘দাঁড়িপাল্লার ভোট চাইতে গিয়ে বাড়িতে ঢুকে চুরি, জামায়াত নেত্রীকে ধরে পুলিশে দিল এলাকাবাসী’ শিরোনামে বাংলানিউজ২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র 

  • banglanews24.com : Facebook Post  
  • Rumor Scanner’s analysis

আরও পড়ুন

spot_img