সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জামায়াত ইসলামী কোনো ইসলামী দল নয়, তাঁরা ভন্ড ও প্রতারক, তাদের ভিতরে ইসলামের বিন্দুমাত্র লেস নেই। —ধর্ম উপদেষ্টা’ শিরোনামে সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমসের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটিতে এককভাবে ৯ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামায়াত ইসলামী কোনো ইসলামী দল নয়, তাঁরা ভন্ড ও প্রতারক, তাদের ভিতরে ইসলামের বিন্দুমাত্র লেস নেই। —ধর্ম উপদেষ্টা’ শিরোনামে বাংলাদেশ টাইমস এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনও এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ টাইমসের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে বাংলাদেশ টাইমসের লোগো ও তারিখ হিসেবে ১৬ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্ট, রঙ, ফন্টের আকার ও ছবির অবস্থানের সাথেও পার্থক্য লক্ষ্য করা যায়। অনুসন্ধানে ধর্ম উপদেষ্টার একই ছবি ব্যবহার করে গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রচার হতে দেখা যায় যেখানে ধর্ম উপদেষ্টাকে উদ্ধৃত করে বলা হয়, ‘বিজয়ের ৫৪ বছরে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কম’।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, ‘জামায়াত ইসলামী কোনো ইসলামী দল নয়, তাঁরা ভন্ড ও প্রতারক, তাদের ভিতরে ইসলামের বিন্দুমাত্র লেস নেই। —ধর্ম উপদেষ্টা’ দাবিতে বাংলাদেশ টাইমসের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Bangladesh Times – Facebook Page
- Bangladesh Times – Website





