গত বছরের ২৭ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা। পরে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। এর প্রেক্ষিতে, ‘নাহিদ হাসনাতের দূর্নীতির কারণে পদত্যাগ করেছি’ শীর্ষক মন্তব্য তাসনিম জারা করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে তাসনিম জারাকে বলতে শোনা যায়, ‘আমি পদত্যাগ করেছি কারণ নাহিদ, সারজিস, হাসনাত সবাই দুর্নীতিগ্রস্ত এবং আমি জড়িয়ে যাচ্ছিলাম। আমি জানি আপা আসবে। তার আগে আমি বিদেশে যাবো৷ তাই সবার কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়েছি।’

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এমন কোনো মন্তব্য তাসনিম জারা করেননি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহযোগিতায় আলোচিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হচ্ছে।
ডা. তাসনিম জারার মত রাজনীতিবিদ এমন মন্তব্য করলে গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রচার করা হতো। কিন্তু প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানেও এমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে অনলাইন ভিত্তিক গণমাধ্যম সারাবাংলা ডট নেট এর ওয়েবসাইটে গত বছরের ০৮ নভেম্বর ‘সংস্কার নয়, এখন প্রয়োজন ‘রিসেট বাটন’: তাসনিম জারা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবিতে তাসনিম জারার পোশাক, সামনে থাকা মাইক্রোফোন সহ সকল উপাদানের সাথে আলোচিত ভিডিওতে থাকা তাসনিম জারার পোশাক, মাইক্রোফোন ও আশেপাশের উপাদানের সাথে মিল রয়েছে।

তবে, উক্ত প্রতিবেদনে আলোচিত মন্তব্যটি খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, একই অনুষ্ঠানে তাসনিম জারার দেওয়া মন্তব্যের পুরো ভিডিওটিও পাওয়া যায়। সেখানেও তাসনিম জারাকে এমন কোনো মন্তব্য করতে শোনা যায়নি।
এছাড়া, উক্ত ভিডিওটি গত বছরের নভেম্বর মাসের শুরুর দিকের। অপরদিকে, তাসনিম জারা গত বছরের ২৭ ডিসেম্বর পদত্যাগ করেন, যা আলোচিত অনুষ্ঠানের প্রায় দুই মাস পরের ঘটনা। ফলে পদত্যাগের বিষয়ে তিনি দুই মাস আগে এমন মন্তব্য করার সুযোগ নেই।
পরিশেষে, আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, উক্ত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ, ভিডিওটি বাস্তব নয়।
সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে পদত্যাগ করা সংক্রান্ত তাসনিম জারার বাস্তব মন্তব্যের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Tasnim Jara- Facebook Post
- SaraBangla- সংস্কার নয়, এখন প্রয়োজন ‘রিসেট বাটন’: তাসনিম জারা
- SA Tv- YouTube Video
- AI Analysis





