সম্প্রতি, “হযরত শাহজালাল(রা) আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য, এভাবেই প্রবাসীদের দামী জিনিসপত্র লু”*ট’পা’*টের৷ মহাউৎসব চলছে। দেখার কেউ নেই, এই হলো নতুন লা’*ল বাংলাদেশ।” শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ থেকে মালামাল চুরি হওয়ায় প্রবাসীর আর্তনাদ দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ছবি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে ছবিটির অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি, প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে এর পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, আলোচিত দাবি সংবলিত ছবিটির বিষয়ে নিশ্চিত হতে রিউমর স্ক্যানার ছবিটি ‘Hive Detect AI’ টুল দিয়ে পরীক্ষা করে। বিশ্লেষণে দেখা যায়, এটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

Screenshot : Hive Detect
পাশাপাশি, ‘ডিপফেক-ও-মিটার’ টুলের ‘GLFF (2024)’ মডেলের বিশ্লেষণেও প্রচারিত ছবিটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা সিংহভাগ বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বরে সৌদি আরব ফেরত এক প্রবাসী বাংলাদেশির লাগেজ কাটাছেঁড়া ও মালামাল চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় ধারণকৃত একটি ভিডিও গত ২৮ নভেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যদিও এই ঘটনা নিয়ে যাত্রীরা ঢাকায় বিমানবন্দর কর্মীদের ওপর চড়াও হয়েছিলেন, কিন্তু বেবিচক জানিয়েছে, মালামাল চুরি বা লাগেজ ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ লুকিয়ে আছে সৌদি আরবেই।
সুতরাং, এআই-তৈরি ছবিকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ থেকে মালামাল চুরির হওয়ার পর প্রবাসীর আর্তনাদের আসল ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Hive Detect: AI-Generated Content Detection Tools
- DeepFake-o-meter: AI-Generated Content Detection Tools
- Rtv: বিমানবন্দরে যাত্রীর লাগেজ চুরি, যা বলল কর্তৃপক্ষ
- Rumor Scanner’s Analysis





