শনিবার, জানুয়ারি 24, 2026

বোরকা নিয়ে ছাত্রশিবিরের নামে সম্পাদিত বিজ্ঞপ্তি প্রচার 

সম্প্রতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিশিয়াল প্যাডের ডিজাইন সংবলিত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের স্বাক্ষর সংবলিত ‘বোরখা পরা নারীদের অধিকার রক্ষায় জরুরি ঘোষণা’ শীর্ষক শিরোনামের বিজ্ঞপ্তিটিতে লেখা রয়েছে, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। হিজাবি এবং বোরখা পড়া নারীদের অধিকার এবং সম্মান রক্ষায় ইসলামী ছাত্রশিবির সবসময় অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ইসলামী ছাত্রশিবির ঘোষণা করছে যে, আজ থেকে রাতের বেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বোরখা পড়া যৌনকর্মীদের যেকোন প্রকার হেনস্তা করা হলে, সেটাকে ইসলামের প্রতি আঘাত হিসেবে গন্য করা হবে। আমাদের আজাদির লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কাফেলা ঘরে ফিরে যাবে না। ইনকিলাব জিন্দাবাদ। মা’আসসালাম।’

উক্ত বিজ্ঞপ্তি যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বোরকা নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। বরং, সংগঠনটির ভিন্ন একটি বিজ্ঞপ্তি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে ছাত্রশিবিরের লোগো, কেন্দ্রীয় প্রচার সম্পাদকের স্বাক্ষর ও সূত্র হিসেবে ‘ক/২০২৫৮৩’ উল্লেখ রয়েছে। এছাড়া প্রকাশের তারিখ হিসেবে ০৬ জানুয়ারি, ২০২৬ উল্লেখ থাকতেও দেখা যায়। 

উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজে গত ০৬ জানুয়ারি এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে আলোচিত বিজ্ঞপ্তিটিতে উল্লেখিত সূত্র ‘ক/২০২৫৮৩’ ধরে অনুসন্ধান করে, গত বছরের ২৪ ডিসেম্বর প্রকাশিত একটি বিজ্ঞপ্তি পাওয়া যায়। উক্ত বিজ্ঞপ্তির সূত্র এবং স্বাক্ষরের সাথে আলোচিত বিজ্ঞপ্তিটির হুবহু মিল রয়েছে। 

Notice Comparison By Rumor Scanner

তবে, আলোচিত বিজ্ঞপ্তিটি বোরকা নিয়ে হলেও, মূল বিজ্ঞপ্তিটি গত বছরের ২৪ ডিসেম্বর রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে নিক্ষিপ্ত ককটেল বোমার বিস্ফোরণে সিয়াম নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ সংক্রান্ত।

অর্থাৎ, ভিন্ন বিজ্ঞপ্তি সম্পাদনার মাধ্যমে আলোচিত বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। 

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। এই বিজ্ঞপ্তিটি ভুয়া। 

সুতরাং, বোরকা নিয়ে ছাত্রশিবিরের নামে প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img