সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় ভূমিকম্প হয়েছে। এতে হতাহতের ঘটনা যেমন ঘটেছে তেমনি ভবন হেলে পড়াসহ বিভিন্ন স্থাপনার নানা ক্ষতির খবর সংবাদমাধ্যমে এসেছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভূমিকম্পে কুমিল্লায় খন্দকার হক টাওয়ারে আগুন লেগেছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে। গত ২১ নভেম্বর প্রকাশের পর এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১ লক্ষাধিক বারেরও বেশি।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লার খন্দকার হক টাওয়ারে আগুন লাগার এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে ভূমিকম্পেরও সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, গত সেপ্টেম্বরে শপিংমলটির একটি মোবাইল দোকানে আগুন লাগার ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকের একাধিক প্রোফাইল ও পেজ থেকে (১, ২, ৩) গত ০৯ সেপ্টেম্বর প্রকাশিত একই ভিডিওর সন্ধান পাওয়া যায়।

ভিডিওগুলোর ক্যাপশন থেকে জানা যায়, এটি কুমিল্লা কান্দিরপাড় খন্দকার হক টাওয়ারের ৪র্থ তলার মোবাইল মার্কেট থেকে কালো ধোঁয়া বের হওয়ার দৃশ্য এটি।
‘এ সময়’ নামের একটি ফেসবুক পেজের পোস্ট থেকে জানা যায়, সেদিন সকালে কুমিল্লা শহরের কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটে। ভবনের চতুর্থ তলায় অবস্থিত মোবাইল মার্কেট থেকে হঠাৎই ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি টিম। স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অর্থাৎ, ঘটনাটির সাথে ভূমিকম্পের কোনো সম্পর্ক নেই।
সুতরাং, ভূমিকম্পের কারণে কুমিল্লায় খন্দকার হক টাওয়ারে আগুন শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- SK TV Comilla.com: Facebook Video





