২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ প্রচার করে দাবি করা হচ্ছে, ভূমিকম্পে এই গার্মেন্টসের অনেক শ্রমিক মারা গেছেন।

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে। ভিডিওটি দেখা হয়েছে প্রায় সাত লক্ষ বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি গাজীপুরের ডেনিমেক লিমিটেড নামের পোশাক কারখানার দৃশ্য এবং ভূমিকম্পে এই কারখানায় অনেক শ্রমিক নিহতের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভূমিকম্পের সময় কারখানা থেকে বের হতে গিয়ে অনেক শ্রমিক আহত হলেও কেউ মারা যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে গুগল ম্যাপে গাজীপুরের মাওনায় একই স্থান খুঁজে পাওয়া যায়। গুগলের স্ট্রোক ভিউ প্রযুক্তির মাধ্যমে দেখা যায়, এই কারখানার নাম ডেনিম্যাক লিমিটেড।

কিওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক প্রথম আলোর ২১ নভেম্বরের এক প্রতিবেদন থেকে জানা যায়, ভূমিকম্পে গাজীপুরে মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আতঙ্ক। উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্পকারখানা, দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে। গাজীপুরে বেশ কয়েকটি শিল্পকারখানায় আতঙ্কে নামতে গিয়ে অনেক শ্রমিক আহত হয়েছেন। ভূমিকম্পে আহত হয়ে জেলার সরকারি হাসপাতালগুলোয় বিকেল পাঁচটা পর্যন্ত ২৫২ জন মানুষ ভর্তি আছেন, তাঁদের বেশির ভাগই পোশাকশ্রমিক। প্রথম আলো জানায়, ডেনিম্যাক ডেনিম লিমিডেট কারখানার শ্রমিকেরা ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন সে সময়। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথম আলো কারখানাটি পরিদর্শন করে সরেজমিন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ২২ নভেম্বর। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের সময় গাজীপুরের শ্রীপুরের ডেনিমেক লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার ভবন থেকে বের হতে গিয়ে আহত ব্যক্তিদের মধ্যে ২৯ জনের চিকিৎসা চলছে। ডেনিমেক লিমিটেড কারখানার পরিচালক (প্রশাসন) রুবেল মাহমুদ প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের মধ্যে দুটি হাসপাতালে মোট ২৯ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে অনেকেই শনিবারই হাসপাতাল থেকে ছাড় পাওয়ার কথা। তাঁদের চিকিৎসার ব্যয়, পারিবারিক সাপোর্ট, যাতায়াতসহ সব ধরনের সহযোগিতা কারখানার পক্ষ থেকে করা হচ্ছে। কারখানা যথানিয়মে চলমান আছে।
অর্থাৎ, এই কারখানার কোনো শ্রমিক ভূমিকম্পে মারা যাননি।
সুতরাং, ২১ নভেম্বরের ভূমিকম্পে গাজীপুরের ডেনিমেক লিমিটেড কারখানায় অনেক শ্রমিক নিহত হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Google Map: Denimach Ltd.





