বুধবার, ডিসেম্বর 17, 2025

খালেদা জিয়ার অসুস্থতার কারণে ড. ইউনূস কর্তৃক নির্বাচন স্থগিত ঘোষণার দাবিটি ভুয়া

শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ০১ ডিসেম্বর দিবাগত রাতে ভোরের দিকে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানা গেছে। সেখানে চিকিৎসকেরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ এইমুহুর্তেই নির্বাচন নয় ড. ইউনুস’ শিরোনামে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ২৯ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ২৫ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ৪ শত বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মুলতবি করা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড.  ইউনূস কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া মন্তব্যকে আসল মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘Janina tv’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘Janina tv’ নামক ফেসবুক পেজে গত ৩০ নভেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook  

‘Janina tv’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। তাই এটির কোনো পোস্টকে গুরুত্ব না দিতে বলা হয়েছে।

পরবর্তীতে, এ বিষয়ে অনুসন্ধানে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে গত ২৮ নভেম্বর প্রকাশিত একটি পোস্টে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। উক্ত পোস্টে কিংবা পেজটির অন্য কোনো পোস্টে খালেদা জিয়ার অসুস্থতার কারণে আসন্ন নির্বাচন স্থগিত করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে ড. ইউনূস আসন্ন নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img