বুধবার, ডিসেম্বর 17, 2025

১০ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি দাবিতে এআই ভিডিও প্রচার 

আজ ১৩ নভেম্বর, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে গত ১০ নভেম্বরে ঢাকার রাজপথে আওয়ামী লীগের অবস্থান দাবিতে একট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে ভিডিওটি প্রায় ৩ লাখ ৭৯ হাজার বার দেখা হয়েছে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ১০ নভেম্বর ঢাকার রাজপথে আওয়ামী লীগের অবস্থান দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে। 

আলোচিত ভিডিওটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় ভিডিওটিতে বেশকিছু্ এআই জনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। মূল সড়কের দুই পাশে বিক্ষোভকারীদের অবস্থান, সড়কে টায়ার পোড়ানো এবং রাস্তার মাঝখানে ময়লাতে অস্বাভাবিক অগ্নিকাণ্ড দেখতে পাওয়া যায়। 

এছাড়া, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে গত ১০ নভেম্বরে দেশে আওয়ামী লীগের এরূপ কোনো জনসমাগম অথবা কর্মসূচির খবর পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে, এরূপ কোনো ঘটনা ঘটলে সে বিষয়ে গণমাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার হতো। 

এছাড়া, পর্যবেক্ষণে ভিডিওটির নিচের ডান কোণে ‘Veo’ নামের একটি জলছাপ ও এআই দিয়ে তৈরি কনটেন্টের লেবেল দেখতে পাওয়া যায়। অনুসন্ধানে জানা গেছে, ‘Veo’ গুগলের একটি উন্নত এআই টুল, যা টেক্সট প্রম্পট থেকে ৮ সেকেন্ডের বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে সক্ষম। এই ভিডিওটির দৈর্ঘ্যও ৮ সেকেন্ড। 

Screenshot from ‘TikTok’ 

পরবর্তীতে আলোচিত এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মোডারেশনে ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ। 

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে ১০ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

  • Hive Moderation 
  • Rumor Scanner’s Analysis 

আরও পড়ুন

spot_img