রবিবার, ডিসেম্বর 14, 2025

সৌদিতে ১০ জন বাংলাদেশির শিরচ্ছেদের আগ মূহুর্তের দৃশ্য দাবিতে এআই ছবি প্রচার 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো কাপড়ে মুখ ঢেকে মাটিতে বেশ কয়েকজনের হাঁটু গেড়ে বসা অবস্থার একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ‘সৌদি দাম্মামে ১০ জন বাংলাদেশির শিরচ্ছেদ হবে তারা প্রবাসীদের অপহরণ করে টাকা আদায় করতো এবং নানা অপরাধে জরিয়েছে।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলো ১৭ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ৫০ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টগুলোতে লাইক দেওয়া হয়েছে।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সৌদি আরবের দাম্মামে ১০ জন বাংলাদেশির কথিত শিরচ্ছেদের আগ মূহুর্তের দৃশ্যের নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি এই ভুয়া ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়াও, সম্প্রতি সৌদি আরবের দাম্মামে ১০ জন বাংলাদেশির শিরচ্ছেদের রায় বা কার্যকর করার বিষয়েও কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো রিভার্স সার্চ করলে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত ছবি পর্যবেক্ষণ করলে তাতে ১০ জনের বদলে প্রায় ১২ জনকে মাটিতে বসে থাকতে দেখা যায় যা সংখ্যাগত ত্রুটির নির্দেশ করে৷ এছাড়াও, আশেপাশের মানুষের ত্বক, গঠন ও পারিপার্শ্বিক অবস্থাতেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।

আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে, এর নিচের ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের জলছাপও লক্ষ্য করা যায়।

পাশাপাশি, এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ এ আলোচিত ছবিগুলো বিশ্লেষণ করলে এগুলো এআই দিয়ে তৈরি কনটেন্ট হওয়ার সম্ভাবনা ৮৮.৬ শতাংশ বলে জানা যায়। 

পরবর্তীতে, সৌদি আরবের দাম্মামে ১০ জন বাংলাদেশির শিরচ্ছেদের বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০০৭ সালে এক মিশরীয় নাগরিককে হত্যার অভিযোগে সৌদি আরবে ২০১১ সালে ৮ বাংলাদেশির প্রকাশ্যে শিরচ্ছেদ করার বিষয়ে সংবাদ পাওয়া যায়। এছাড়াও, নানাসময়ে সৌদি আরবে মৃত্যুদন্ড কার্যকরের বিষয়ে সংবাদ পাওয়া যায় কিন্তু আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে সম্প্রতি সৌদি আরবের দাম্মামে ১০ জন বাংলাদেশির শিরচ্ছেদের আগ মূহুর্তের আসল ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis

আরও পড়ুন

spot_img