বুধবার, জানুয়ারি 14, 2026

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ দাবিতে ভারতের ভিডিও প্রচার

গত ১৬ নভেম্বর দিবাগত রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে সম্প্রতি, উক্ত ককটেল বিস্ফোরণ ঘটনার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের জম্মু-কাশ্মীরের নওগাম থানায় বিস্ফোরণের সিসিটিভি ফুটেজকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের সিসিটিভি ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর বিস্তর পার্থক্য রয়েছে। অর্থাৎ, আলোচিত ভিডিওটি উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাড়ির সামনে ককটেল বিম্ফোরণের ঘটনার নয়। 

Comparison by Rumor Scanner 

পরবর্তীতে ভিডিওটির বিষয়ে জানতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম CNN-News18 এর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৫ নভেম্বর Nowgam Police Station Rocked by Blast — Multiple Cops Hurt, Investigation Underway | J&K Blast | শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি পর্যালোচনায়, এটির ১ মিনিট ১৫ সেকেন্ডে বিস্ফোরণের সিসিটিভি ফুটেজের সঙ্গে আলোচিত ভিডিওর মিল দেখা যায়। 

Video Comparison by Rumor Scanner 

প্রতিবেদনটি থেকে জানা যায়, আলোচিত সিসিটিভি ফুটেজটি জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় বোমা বিস্ফোরণের ঘটনার। গত ১৫ নভেম্বর দিবাগত রাতে উক্ত ঘটনাটি ঘটে বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়। 

এ ঘটনায় আরেক ভারতীয় গণমাধ্যম এই মুহূর্তে-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কয়েকদিন আগে উত্তর ভারতে অভিযান চালিয়ে মোট ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল। তার মধ্যে ফরিদাবাদ থেকেই পুলিশ উদ্ধার করেছিল ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। সেগুলি পরীক্ষা করার জন্য কাশ্মীরের নওগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পরীক্ষা চলাকালীন সেগুলোর বিস্ফোরণ হয়েছে বলে সূত্রের বরাতে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। এছাড়াও এ ঘটনায় একাধিক ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম থেকেও একই তথ্য পাওয়া যায়। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার সিসিটিভি ফুটেজ দাবিতে ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগ্রাম থানায় বিস্ফোরণের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img