সম্প্রতি, “ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে” শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

এছাড়া, মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজ একই দাবিতে সংবাদ প্রচার করে এবং পরবর্তীতে তারা সংবাদটি সরিয়ে নেয়।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়নি। প্রকৃতপক্ষে, সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হওয়া এক মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইটে গত ১৫ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়। পরবর্তীতে, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া এক মামলায় ১৫ ডিসেম্বরে আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া, ঐ মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন টকশো’তে দলটির পক্ষে অবস্থান নেন আনিস আলমগীর, যা বেশ সমালোচিত হয়। তার গ্রেফতারে দেশিয় একাধিক (১, ২, ৩) মিডিয়ায় প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণে একই তথ্য জানা যায়।
তাছাড়া, উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা এই মামলার এজহারের কপিও রিউমর স্ক্যানারের হাতে এসেছে। যা বিশ্লেষণে নিশ্চিতভাবেই বলা যায় যে, ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলায় নয় বরং, সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলাতেই সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
সুতরাং, ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Kaler Kantho: সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার
- Desh Rupantor: রিমান্ড শেষে সাংবাদিক আনিস আলমগীর কারাগারে
- Jago News: রিমান্ড শেষে সাংবাদিক আনিস আলমগীর কারাগারে
- Pratidiner Bangladesh: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর





