সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়, যেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের ছবি সংযুক্ত করে একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় নির্বাচন এক বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। ফটোকার্ডটির ক্যাপশনে লেখা, ‘সালাহউদ্দিন আহমেদপন্থী একদল বিএনপি জানান।’

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে যায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক বছর পিছিয়ে দেওয়ার দাবি জানায়নি বিএনপি। প্রকৃতপক্ষে, একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে এটি তৈরি ও প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটির লোগো ও গ্রাফিক ডিজাইন বিশ্লেষণ করে দেখা যায়, এতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ফটোকার্ডের সঙ্গে আংশিক সাদৃশ্য রয়েছে। তবে বাংলাভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি।
পরবর্তী অনুসন্ধানে BhangaVision নামে একটি ফেসবুক পেজে একই ফটোকার্ডের সন্ধান পাওয়া যায়, যা দাবিটির মূল উৎস। উক্ত পেজে প্রকাশিত ফটোকার্ডগুলোর ডিজাইন বাংলাভিশনের ফটোকার্ডের আদলে তৈরি হলেও ক্ষুদ্র লোগোর ক্ষেত্রে ‘Bangla’ শব্দের পরিবর্তে ‘Bhanga’ লেখা রয়েছে। যা আপাতদৃষ্টিতে দর্শককে বিভ্রান্ত করতে পারে।

BhangaVision নামের ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটির ‘অ্যাবাউট’ বিভাগে এটি একটি বিনোদনমূলক পেজ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পেজটির বায়োতে বলা হয়েছে, “খবরের পেছনের খবর তুলে আনাই আমাদের কাজ। সত্য ১০ শতাংশ, বিনোদন ৯০ শতাংশ। Bhanga Vision ফলো করুন, মন ভালো রাখুন।”
এছাড়া, সালাহউদ্দিন আহমেদের ফেসবুক পেজ, বিএনপি মিডিয়া সেল কিংবা দলটির অফিসিয়াল ফেসবুক পেজসমূহে (১, ২, ৩, ৪) এ ধরনের কোনো দাবি প্রচারের প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও মূলধারার অন্য কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি জাতীয় নির্বাচন এক বছর পেছানোর দাবি জানিয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- BhangaVision – Facebook Post
- BanglaVision – Facebook Page
- BanglaVision – Website
- BanglaVision – YouTube Channel
- Rumor Scanner’s own analysis





