সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক জনসভায় ‘জনগণ ভোট দিক-না দিক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে ডা. শফিকুর রহমানকে একই কথাগুলো বলতে শোনা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
একই বক্তব্য সংবলিত টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ডা. শফিকুর রহমান আলোচিত মন্তব্যটি তার রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেননি। প্রকৃতপক্ষে, ভিন্ন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে দেওয়া তার বক্তব্যের কিছু অংশ কাট করে তা আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভিডিওগুলোর শুরুতে দেখতে পাওয়া নোয়াখালী জার্নাল শীর্ষক লোগোটির সূত্র ধরে কি-ওয়ার্ড ‘Noakhali Journal – নোয়াখালী জার্নাল’ নামের ফেসবুক পেজে গত ১ ডিসেম্বর প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর শুরুর ১২ সেকেন্ডের ফুটেজ কাট করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে। তবে পুরো ভিডিওটি পর্যালোচনায় দেখা যায়, তিনি আসন্ন নির্বাচনে তার জামায়াতে ইসলামীর রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়ে নয়, বরং ভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনার কথা বলেন।
পুরো বক্তব্যে তাকে বলতে শোনা যায়, “পাঁচ তারিখের পরে আল্লাহতালা আমাদেরকে ওই দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তির একটু স্বাদও আল্লাহতালা দান করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো ইসলামী দলের নামে আজকে চাঁদাবাজির পরিচয় তাদের কপালে জুড়ে দেওয়া হয়নি। কোনো দেশ প্রেমিক দল চাঁদাবাজ হয়ে পাঁচ তারিখের পরে আবির্ভূত হয়নি। যারা আবির্ভূত হয়েছিলেন দায় এবং দরদ নিয়ে, তাদের সাথে বসেছিলাম। তাদেরকে বলেছিলাম, এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা। এটা বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয়, বিপ্লবী জনগণ, তরুণ জনতা, ফুলের মত বাচ্চা নিয়ে রাস্তাতে নেমে আসা—ওই মায়েরা আমাদেরকে ক্ষমা করবে না। বন্ধ করা হয়নি। চাঁদাবাজি অব্যাহত রয়েছে। দুর্নীতি অব্যাহত রয়েছে। ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে ছলে-বলে কৌশলে। কেউ কেউ আমরা শুনতে পাই, বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন— “জনগণ ভোট দিক-না দিক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে।” বন্ধুগণ, বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্যও ডুবে গেছে। এ বাংলাদেশে এটা আর হবে না, আমরা এটা হতে দেব না, ইনশাআল্লাহ।”
পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউটিউব চ্যানেলেও একই অনুষ্ঠানে দলটির আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতেও তাকে একই কথাগুলো বলতে শোনা যায়। পাশাপাশি জানা যায়, ভিডিওটি গত ১ ডিসেম্বর খুলনার বাবরী চত্বরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আটটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট বিভাগীয় সমাবেশে তার বক্তব্য প্রদানের ঘটনার।
সুতরাং, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ‘জনগণ ভোট দিক-না দিক ক্ষমতায় আমাদের যেতেই হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Noakhali Journal – নোয়াখালী জার্নাল Facebook Post
- Bangladesh Jamaat-e-Islami Youtube Channel: আন্দোলনরত ৮ দলের অংশগ্রহনে খুলনা বিভাগীয় সমাবেশে আমীরে জামায়াতের বক্তব্য
- Rumor Scanner’s Analysis





