সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে বাংলাদেশে আইপিএল এবং ভারতীয় সকল টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান উপদেষ্টা বাংলাদেশে ভারতীয় সকল টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেননি বরং, শুধু আইপিএলের খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এ বিষয়ে অনুসন্ধানে দেশিয় মূলধারার গণমাধ্যম কিংবা সরকার সংশ্লিষ্ট সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো সংবাদ বা তথ্যের সন্ধান পাওয়া যায়নি।
তবে, কি-ওয়ার্ড সার্চে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) প্রসঙ্গে দেশিয় একাধিক (১, ২, ৩) সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো পর্যালোচনায় জানা যায়, আইপিএল থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে, ভারতীয় সকল টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের বিষয়ে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।
পরবর্তী অনুসন্ধানে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আইপিএলের সম্প্রচার বন্ধে গত ০৫ জানুয়ারিতে প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি খুঁজে পায় রিউমর স্ক্যানার। এই বিজ্ঞপ্তিতেও ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

অর্থাৎ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও এখনো অবধি ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কোনো নির্দেশ দেওয়া হয়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ০২ ডিসেম্বর বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একই সাথে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। তবে রিটের বিষয়ে পরবর্তীতে কোনো সংবাদ গণমাধ্যমে পাওয়া যায়নি।
সুতরাং, প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে ‘বাংলাদেশে আইপিএল এবং ভারতীয় সকল টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে’ দাবিতে প্রচারিত তথ্যটি আংশিক মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo: আইপিএলের সম্প্রচার বন্ধ: কী বলছেন অপারেটররা
- bdnews24: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখতে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ
- The Business Standard: বাংলাদেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখা প্রসঙ্গে বিজ্ঞপ্তি
- Jamuna Tv: ভারতীয় সব বাংলা চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধে হাইকোর্টে রিট





