সোমবার, ফেব্রুয়ারি 9, 2026

জামায়াতের বিরুদ্ধে চরমোনাই পীরের মন্তব্য দাবিতে বাংলাদেশ টাইমসের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত ২৬শে অক্টোবর বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ  প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক(পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন এর দাবিতে একটি সমাবেশ করে। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে উদ্ধৃত করে ‘জামায়াত ক্ষমতায় এলে মানুষ ঘুমাতে পারবে না’ শিরোনামে অনলাইন গণমাধ্যম বাংলাদেশ টাইমস এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উল্লেখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন  এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে এমন কোনো মন্তব্য করেননি এবং বাংলাদেশ টাইমসও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ টাইমস কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে অনলাইন গণমাধ্যম বাংলাদেশ টাইমসের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৭ অক্টোবর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাদেশ টাইমসের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তবে, বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে গত ২৭ অক্টোবর ‘বিএনপি ক্ষ/ম/তা/য় এলে মানুষ ঘুমাতে পারবে না’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, বাংলাদেশ টাইমসের লোগো এবং ফয়জুল করিমের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। শুধু আলোচিত ফটোকার্ডটিতে শিরোনামের শুরুতে ‘বিএনপি’ নামটির পরিবর্তে ‘জামায়াত’ লেখা হয়েছে। এছাড়া, ‘জামায়াত’ শব্দের ফন্ট ডিজাইনের সাথেও বাংলাদেশ টাইমসের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।  

Comparison: Rumor Scanner 

অর্থাৎ, বাংলাদেশ টাইমস এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত বাংলাদেশ টাইমসের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপি ক্ষমতায় গেলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, ‘বিএনপি যদি ক্ষমতায় যায়, ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না। সচেতন হোন জনগণ, আর কত? চাঁদাবাজ, জুলুমকারী ও অত্যাচারীদের পরিবর্তন চান না?’। গত ২৬ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ টাইমস ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

এছাড়া, এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে মুফতি ফয়জুল করিমের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, চরমোনাই পীরকে উদ্ধৃত করে ‘জামায়াত ক্ষমতায় এলে মানুষ ঘুমাতে পারবে না’ শিরোনামে বাংলাদেশ টাইমস এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img