শনিবার, জানুয়ারি 17, 2026

খালেদা জিয়ার মৃতদেহ দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান দাবিতে সময় টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন এবং আলোচনা চলছে সর্বত্র। এরই প্রেক্ষিতে ‘খালেদা জিয়ার মৃতদেহ দেখতে হাসপাতালে ৩ বাহিনীর প্রধান’ শীর্ষক তথ্যে বা শিরোনামে খালেদা জিয়া এবং তিন বাহিনীর প্রধানের ছবি যুক্ত সময় টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘খালেদা জিয়ার মৃতদেহ দেখতে হাসপাতালে ৩ বাহিনীর প্রধান’ শীর্ষক তথ্যে বা শিরোনামে সময় টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গত ০২ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন তিন বাহিনীর প্রধান। সেই প্রেক্ষিতে সময় টিভি কর্তৃক প্রকাশিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে সময় টিভির লোগো, খালেদা জিয়া এবং তিন বাহিনীর প্রধানের ছবি দেখা যায়। এছাড়া, তারিখ হিসেবে ০২ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ থাকতেও দেখা যায়। 

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে সময় টিভির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি সময় টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

তবে, গত ০২ ডিসেম্বর রাত ৯ টা ৩৭ মিনিটে সময় টিভির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডে থাকা খালেদা জিয়া এবং তিন বাহিনীর প্রধানদের ছবি ও ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডে থাকা ডিজাইন, ছবির মিল রয়েছে। 

Photocard Comparison By Rumor Scanner 

তবে, সময় টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডটিতে ‘বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ৩ বাহিনীর প্রধান’ শীর্ষক শিরোনামে উল্লেখ রয়েছে। 

অর্থাৎ, সময় টিভি কর্তৃক ‘বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ৩ বাহিনীর প্রধান’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ‘খালেদা জিয়ার মৃতদেহ দেখতে হাসপাতালে ৩ বাহিনীর প্রধান’ শীর্ষক শিরোনামটি যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

সময় টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডটির মন্তব্যের ঘরে থাকা প্রতিবেদন থেকে জানা যায়, গত ০২ ডিসেম্বর রাত ৯টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে  চিকিৎসাধীন বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

সুতরাং, ‘খালেদা জিয়ার মৃতদেহ দেখতে হাসপাতালে ৩ বাহিনীর প্রধান’ শিরোনামে সময় টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img