জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায়ের তারিখ ঘোষিত হবে আগামী ১৩ নভেম্বর। এর প্রেক্ষিতে ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘ছাত্রলীগের অবরোধ চলছে,চলবে। গাড়ির চাকা ঘুরবে না,দোকানপাট খুলবে না।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ছাত্রলীগের কর্মীদের অবরোধ কার্যক্রম পালনের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবরোধ পালনের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কালের কন্ঠের ওয়েবসাইটে ২০২৩ সালের ০৬ নভেম্বর ‘দয়াগঞ্জ মোড়ে আগুন জ্বালিয়ে জবি ছাত্রদলের অবরোধ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের সাদৃশ্য রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সে সময়ে বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের সমর্থনে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ২০২৩ সালের ০৬ নভেম্বর সকাল ৯ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন তারা। প্রতিবেদনে যুক্ত ছবিটি উক্ত ঘটনার দৃশ্য।
পরবর্তীতে, এ বিষয়ে আরেক গণমাধ্যম বাংলানিউজ২৪ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ০৬ নভেম্বর ‘দয়াগঞ্জ মোড়ে অবরোধ করেছে জবি ছাত্রদল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের অবরোধ পালনের ভিডিও দাবিতে ২০২৩ সালে হরতাল সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবরোধ পালনের দৃশ্য প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Kaler Kantho – দয়াগঞ্জ মোড়ে আগুন জ্বালিয়ে জবি ছাত্রদলের অবরোধ
- BanglaNews24 – দয়াগঞ্জ মোড়ে অবরোধ করেছে জবি ছাত্রদল





