সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) জামায়াতের মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে উদ্ধৃত করে ‘আমরা ক্ষমতায় আসতে পারলে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলব, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র আমরা কখনো ভুলতে পারবনা।তাদের যেমন আমাদের প্রয়োজন, আমাদের ও তাদের প্রয়োজন।ভারত মনে করে জামায়াত ইসলামী তাদের শত্রু। আমরা মনে করি আওয়ামী লীগের চেয়ে আমাদের সাথে ভারতের সম্পর্ক ভালো।’ শিরোনামে মূলধারার গণমাধ্যম চ্যানেল আই এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উল্লেখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের সাথে জামায়াতের সম্পর্ক নিয়ে মোহাম্মদ তাহের এমন কোনো মন্তব্য দেননি এবং চ্যানেল আইও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল আই কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম চ্যানেল আই এর লোগো রয়েছে। এটি প্রকাশের তারিখ হিসেবে উল্লেখ রয়েছে ৭ জানুয়ারি, ২০২৬।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে চ্যানেল আই এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, চ্যানেল আই এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, চ্যানেল আই এর ফেসবুক পেজে গত ৭ জানুয়ারি ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে একটি দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে তাতে সংসদ নির্বাচন পাতানো হবে বলে আশঙ্কা করছে জামায়াতে ইসলামী। আর পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংসের মুখে দাঁড়াবে।’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে চ্যানেল আই এর লোগো এবং মোহাম্মদ তাহেরের ছবি মিল রয়েছে। তবে, উভয়ের উদ্ধৃত করা মন্তব্যের ভিন্নতা রয়েছে। এছাড়াও চ্যানেল আই এর ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, চ্যানেল আই এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ ও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও ভারতের সাথে সুসম্পর্ক নিয়ে এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। অন্য কোনো গণমাধ্যমেও এমন মক্তব্যের অস্তিত্ব মেলেনি।
সুতরাং, মোহাম্মদ তাহেরকে উদ্ধৃত করে আলোচিত শিরোনামে চ্যানেল আই এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Channel i – Facebook Page
- Channel i – Website
- Channel i – YouTube Channel
- Channel i – Facebook Post
- Bangladesh Jamaat-e-islami – Facebook Page
- Syed Abdullah Mohammad Taher – Facebook profile
- Rumor scanner’s own analysis





