সম্প্রতি, “দেশে পাতানো নির্বাচন হবে, আমাকেও জুতার মালা পরিয়ে গালে জুতাবে: দাবি সিইসি’র” শিরোনামে বিবিসি বাংলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, (আর্কাইভ)
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে বিবিসি বাংলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি এবং প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, বিবিসি বাংলার ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে আলোচিত ভুয়া মন্তব্য সংবলিত এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বিবিসি বাংলার নাম ও লোগোর সূত্র ধরে অনুসন্ধানে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি বিবিসি বাংলার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, গত ৮ জানুয়ারি বিবিসি বাংলার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটিতে থাকা সিইসির ছবি ও ফটোকার্ডের ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডে থাকা ডিজাইন ও ছবির মিল রয়েছে।

বিবিসি বাংলা কর্তৃক প্রকাশিত মূল ফটোকার্ডটিতে “দেশে কোনো পাতানো নির্বাচন হবে না, দাবি সিইসি’র” শীর্ষক শিরোনামের উল্লেখ থাকলেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে এর স্থলে “দেশে পাতানো নির্বাচন হবে, আমাকেও জুতার মালা পরিয়ে গালে জুতাবে: দাবি সিইসি’র” শীর্ষক শিরোনাম যুক্ত করা হয়েছে।
এছাড়া, বিবিসি বাংলার ফটোকার্ডটির মন্তব্যের ঘরে থাকা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও দরকার হবে না। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সুতরাং, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে উদ্ধৃত করে “দেশে পাতানো নির্বাচন হবে, আমাকেও জুতার মালা পরিয়ে গালে জুতাবে: দাবি সিইসি’র” শিরোনামে বিবিসি বাংলার নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- BBC News বাংলা: Facebook Page
- BBC News বাংলা: Website
- BBC News বাংলা: Youtube Channel
- BBC News বাংলা: দেশে কোনো পাতানো নির্বাচন হবে না, দাবি সিইসি’র





