আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুলেটপ্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তায় দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে সম্প্রতি, চট্টগ্রাম বন্দরে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্যে কেনা বুলেটপ্রুফ গাড়িগুলো পৌঁছে গিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি গাড়ির ছবি প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ছবি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি খালেদা জিয়া ও তারেক রহমানের জন্যে ক্রয়কৃত বুলেটপ্রুফ গাড়ির ছবি নয়। প্রকৃতপক্ষে, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামার ব্যবহৃত সাজোয়া সামরিক বাসের ছবির সাথে ইন্টারনেট থেকে সংগ্রহকৃত একটি বুলেটপ্রুফ এসইউভি গাড়ির ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত গাড়িগুলোর ছবি পৃথকভাবে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার।
ছবি যাচাই ১
আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে দেখতে পাওয়া এসইউভি গাড়িটির ছবির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে vocal নামের একটি ওয়েবসাইটে কালো রংয়ের ওই এসইউভি গাড়ির মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

প্রাপ্ত ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবির ছবিতে দেখতে পাওয়া কালো রংয়ের এসইউভি গাড়ির সাথে উক্ত ছবির গাড়ির মিল রয়েছে। এমনকি উভয় ছবিতে দেখতে পাওয়া গাড়ির গায়ের ছায়ার প্যাটার্নেরও মিল রয়েছে। তবে ছবি দুটোর ব্যাকগ্রাউন্ডের পার্থক্য থেকে এটি স্পষ্টত বোঝা যাচ্ছে যে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যম উক্ত ছবি থেকে কালো রংয়ের এসইউভি গাড়িটি ক্রপ করে নিয়ে আলোচিত ছবিটিতে বসানো হয়েছে। এছাড়াও জানা যায়, প্রাপ্ত ছবিটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান Rezvani Motors-এর নতুন বুলেটপ্রুফ এসইউভি গাড়ি Rezvani Night এর। প্রাপ্ত প্রতিবেদনটি মূলত ওই গাড়িটি নিয়েই লেখা। এর সাথে বিএনপি কিংবা বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই।
ছবি যাচাই ২
আলোচিত ছবিটিতে দেখতে পাওয়া কালো রংয়ের বুলেটপ্রুফ বাসের ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম mirror এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত গাড়ির মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ছবিতে দেখতে পাওয়া কালো রংয়ের এই বাসটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামার প্রচারণার কাজে ব্যবহৃত সাজোয়া একটি সামরিক বাস। পাশাপাশি, উক্ত ছবিটিও পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাথে এর গায়ে দেখতে পাওয়া ছায়ার প্যাটার্নের মিল রয়েছে। অর্থাৎ, উক্ত ছবিটিও ক্রপ করে আলোচিত ছবিতে যুক্ত করা হয়েছে।
গত ১৯ অক্টোবর জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেটপ্রুফ গাড়ি কেনা হবে, তা এখনো চূড়ান্ত করেনি বিএনপি। তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সুতরাং, খালেদা জিয়া ও তারেক রহমানের জন্যে দুটি বুলেটপ্রুফ গাড়ি চট্টগ্রাম বন্দরে আনা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Vocal Website: Rezvani Night SUV: Redefining Luxury with Bulletproof Power
- Mirror Website: Barack Obama’s armoured battle bus
- Rumor Scanner’s Analysis





