২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এরই প্রেক্ষিতে গণমাধ্যমে একটি ভিডিও ফুটেজ প্রচার করে দাবি করা হচ্ছে, ভূমিকম্পে হেলে পড়েছে ঢাকার নিউমার্কেটের একটি ভবন।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন আমার দেশ (ফেসবুক), নিউজ২৪ (ফেসবুক), সময় টিভি, ইত্তেফাক, আমাদের সময়, বিডি মর্নিং (ফেসবুক)।
একই দাবিতে প্রতিবেদন প্রকাশ করে পরে সরিয়ে নিয়েছে ঢাকা টাইমস২৪৷

একই দাবির ভিডিও দেখুন এক্স, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে।
একই দাবিতে সংবাদ দিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকার নিউমার্কেটে রাফিন প্লাজা নামের আলোচিত ভবনটি গতকালের ভূমিকম্পে হেলে পড়ার কোনো ঘটনা ঘটেনি বরং, এই ভবনটির ডিজাইনই এমন।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওতে ‘ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ’ সহ বিভিন্ন দোকানের নামের সূত্র ধরে গুগল ম্যাপে ঢাকার নিউমার্কেটে একই স্থান খুঁজে পাওয়া যায়। গুগলের স্ট্রোক ভিউ প্রযুক্তির মাধ্যমে দেখা যায়, বহুল আলোচিত ভবনটির নাম রাফিন প্লাজা। ম্যাপে ২০২৩ এবং ২০১৩ এই দুই সালের একই স্থানের স্ট্রিট ভিউ দেখতে পেয়েছে রিউমর স্ক্যানার। দুটো ভিউতেই ভবনটি বর্তমান সময়ের মতোই হেলে থাকতে দেখা যায়।

অর্থাৎ, ভবনটি গতকালের ভূমিকম্পে যে হেলে পড়েনি তা নিশ্চিত।
বিষয়টি নিয়ে আলাপের জন্য এই ভবনে থাকা মিডনাইট সান-২ থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টের নাম্বারে যোগাযোগ করা হয়। রিউমর স্ক্যানারকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, ভবনটি হেলে পড়ার দাবিটি সঠিক নয়। এটি এই ডিজাইনেই তৈরি করা হয়েছে। পরবর্তীতে ভবনটির পাশে থাকা আদিবা পাবলিকেশন্স নামের আরেকটি দোকানের মালিকের সাথে যোগাযোগ করলে তিনিও রিউমর স্ক্যানারকে একই তথ্য জানান।
এ সংক্রান্ত দাবিটি ছড়িয়ে পড়ার পর একাধিক গণমাধ্যম সরেজমিনে গিয়ে ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে স্থানীয়রা দাবিটি ভুয়া বলে জানিয়েছেন।
সুতরাং, গতকালের ভূমিকম্পে ঢাকার নিউমার্কেটের রাফিন প্লাজা হেলে পড়েছে শীর্ষক দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Google Map: Rafin Plaza
- Statement





