সোমবার, ফেব্রুয়ারি 9, 2026

বিএনপির নেতাকর্মীদের মশাল মিছিলের ভিডিওকে আ.লীগের দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রচার 

জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৩ নভেম্বর। যা পরবর্তীতে ১৭ নভেম্বর ঠিক করা হয়। এই রায়কে ঘিরে ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এরই প্রেক্ষিতে, শেখ হাসিনার রায়কে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও ভারতের একাধিক গণমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত ভিডিওটি আ.লীগের নেতাকর্মীদের দাবিতে প্রচার করেছে রিপাবলিক বাংলা (ফেসবুক, ইউটিউব, টিকটক), নিউজ১৮এশিয়ানেট নিউজ, স্বদেশ নিউজ, ভাস্কার, নিউজ অ্যালজেব্রা, প্রাইম টিভি ইন্ডিয়া, আরএম গ্লোবাল টিভি, নিউজ ন্যাশন টিভি, বাতেসি টিভি

উক্ত একই ভিডিও ভারতীয় এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টগুলো দেখেও প্রচার হতে দেখা যায়। দেখুন– এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত একই ভিডিও ভারতীয় ফেসবুক অ্যাকাউন্টগুলো দেখেও প্রচার হতে দেখা যায়। দেখুন– এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

বাংলাদেশী ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলের নয়। দলটির পক্ষ থেকেও এ ধরনের কোনো মশাল মিছিলও হয়নি। প্রকৃতপক্ষে, কুমিল্লা-৬ আসনের বিএনপি নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিন মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা গত ১১ নভেম্বর সন্ধ্যায় কুমিল্লা নগরীর টাউনহল মাঠে মশাল মিছিল করেন। উক্ত মশাল মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানে কুমিল্লা ‘দ: জেলা ও মহানগর বিএনপি’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ১১ নভেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত পোস্টে দাবি করা হয়েছে, গত ১১ নভেম্বর কুমিল্লা-৬ আসনে হাজী আমিনুর রশিদ ইয়াছিনকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত আন্দোলন করার ঘোষণা দেওয়া হয়। 

অর্থাৎ, এটি কুমিল্লা-৬ আসনের হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সমর্থকদের মশাল মিছিলের দৃশ্য। 

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে এটিএন নিউজরে কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবিরের ফেসবুক অ্যাকাউন্টে একই তারিখে প্রকাশিত আরেকটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সাথেও আলোচিত ভিডিওর মিল রয়েছে। হুমায়ুন কবির পোস্টে বলেন, হাজী ইয়াছিনের দলীয় প্রার্থী ঘোষণা দেওয়ার দাবিতে মশাল মিছিলেড দৃশ্য এটি। 

এরপর প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সময় টিভির ইউটিউব চ্যানেলে একই মিছিলের আরেকটি ভিডিও পাওয়া যায়। সেখানেও একই দাবি করা হয়েছে। 

এরপর বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য স্থানীয় একাধিক গণমাধ্যমকর্মী ও বিএনপি নেতার সাথে যোগাযোগ করেছে রিউমর স্ক্যানার টিম। 

এখন টিভির কুমিল্লা জেলার ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আমি কনফার্ম এটি কুমিল্লা টাউনহলে গত ১১ নভেম্বর বিএনপি নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সমর্থকদের করা মশাল মিছিলের ভিডিও।’

বিডিনিউজ২৪ এর কুমিল্লা প্রতিনিধি তানভীর দিপু বলেন, ‘ভিডিওটি গত ১১ নভেম্বর সন্ধ্যায় বিএনপি নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিনের নেতাকর্মীদের মশাল মিছিলের ভিডিও।’

হাজী আমিনুর রশিদ ইয়াছিন মনোনয়ন না পাওয়ায় যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের একজন সংগঠক ও কুমিল্লা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মনছুর নিজামী বলেন, ‘এটা আমাদের ভিডিও। স্থানটি টাউনহল মাঠ এবং পূবালী চত্ত্বর। কুমিল্লা- ৬ আসনের মনোনয়ন বঞ্চিত প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াছিন এর পক্ষ নিয়ে তার সমর্থনে তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের একটানা কর্মসূচির ৯ম দিন ১১ই নভেম্বর কুমিল্লা টাউনহল মাঠ থেকে মশাল মিছিল বের করে। সেই মিছিলের ভিডিও এটি।’

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বিএনপির নেতাকর্মীদের মশাল মিছিলের।

সুতরাং, গত ১১ নভেম্বর কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিলের ভিডিওকে শেখ হাসিনার রায়কে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলের দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

  • কুমিল্লা দ: জেলা ও মহানগর বিএনপি- Facebook Post 
  • Homaun Kabir- Facebook Post 
  • Local Journalist’s- Statement 
  • BNP Leader- Statement 
  • Somoy Tv- YouTube Video 

আরও পড়ুন

spot_img