পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিল করে ঈশ্বরদী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুকে ধানের শীষের প্রার্থী করার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘পাবনা জেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে সেই সাথে কেন্দ্র কর্তৃক প্রকাশিত, পাবনা-৪ আসনের ঘোষিত মনোনয়ন হাবিবুর রহমান হাবিব কে বাতিল করে জাকারিয়া পিন্টু কে পার্থী ঘোষণা করা হলো’ শীর্ষক শিরোনামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাবনা-৪ আসনে পূর্ব ঘোষিত মনোনয়ন বাতিল করে নতুন প্রার্থী ঘোষণার বিষয়ে বিএনপি কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, দলের অন্য একটি প্রেস বিজ্ঞপ্তি সম্পাদনা করে আলোচিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে বিএনপির মনোগ্রাম রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘০১ ডিসেম্বর ২০২৫’ উল্লেখ করা হয়েছে।
উক্ত সূত্র ধরে বিএনপির ফেসবুক পেজ ও দলটির মিডিয়া সেলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত দাবিতে প্রচারিত কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, বিএনপির ফেসবুক পেজে ও দলটির মিডিয়া সেলের ফেসবুক পেজে গত ০১ ডিসেম্বর প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রেস বিজ্ঞপ্তির সাথে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির অন্যান্য তথ্য অপরিবর্তিত রেখে কেবল ‘পাবনা জেলাধীন সাঁথিয়া উপজেলা বিএনপি’র বিদ্যমান আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। কিছু দিনের মধ্যে পাবনা জেলাধীন সাঁথিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।’ সূচক শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘পাবনা জেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে সেই সাথে কেন্দ্র কর্তৃক প্রকাশিত, পাবনা ৪ আসনের ঘোষিত মনোনয়ন হাবিবুর রহমান হাবিব কে বাতিল করে জাকারিয়া পিন্টু কে পার্থী ঘোষণা করা হলো’ শিরোনাম প্রতিস্থাপন করে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে৷
এছাড়া, বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে গত ০১ ডিসেম্বর প্রকাশিত পোস্টে একটি প্রেস বিজ্ঞপ্তিটির ছবি সংযুক্ত করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর যুক্ত উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি ছবি যুক্ত করে বলা হয়, ‘কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে আজ ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া। আজ ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’।

সুতরাং, পাবনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত এবং পাবনা-৪ আসনে মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিল করে জাকারিয়া পিন্টুকে প্রার্থী ঘোষণা করা হয়েছে দাবিতে বিএনপির নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Bangladesh Nationalist Party-BNP – Facebook Page
- BNP Media Cell – Facebook Page
- Bangladesh Nationalist Party-BNP – Facebook Post
- BNP Media Cell – Facebook Post
- BNP Media Cell – Facebook Post





