২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পে দেশের বেশ কয়েকটি জায়গায় ভবনে ফাটল ও ভবন হেলে পড়ে এবং ১০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর জানা গেছে। এরই প্রেক্ষিতে ইন্টারনেটে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ছবিটি বাংলাদেশে হওয়া ভূমিকম্পের ঘটনার। ছবিটিতে রাস্তার পাশে একটি বহুতল ভবনকে হেলে পড়ে থাকতে দেখা যায়।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন : ফেসবুক (আর্কাইভ), এখানে (আর্কাইভ), ফেসবুক (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ২১ নভেম্বর বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো দৃশ্যের নয় বরং, চলতি বছরের ২ এপ্রিল মায়ানমারে আঘাত হানা ভূমিকম্পে ধসে পড়া ভবনের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধান শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘CNN’ এর ওয়েবসাইটে গত ০২ এপ্রিলে প্রচারিত একটি ছবি পাওয়া যায়। ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির তুলনা করলে মিল পাওয়া যায়। ছবিটির সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, এটি গত এপ্রিলে ভূমিকম্পে মিয়ানমারে ধসে পড়া ভবনের ছবি।

উল্লেখিত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি নিউজের ওয়েবসাইটে Inside Mandalay: শিরোনামে গত ২ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনেও আলোচিত ধসে পড়া ভবনের একাধিক ছবি যুক্ত রয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ০২ এপ্রিল মায়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে ২,৭০০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছে। ভূমিকম্পে একটি পাঁচতলা ভবন সম্পূর্ণরুপে ধসে পড়েছে।
উল্লেখিত তথ্যপ্রমাণ থেকে এটি নিশ্চিত যে, প্রচারিত ছবিটি বাংলাদেশের নয়।
সুতরাং, গত ২ এপ্রিল মায়ানমারে আঘাত হানা ভূমিকম্পে ধসে পড়া ভবনের দৃশ্যকে গত ২১ নভেম্বর বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পে ধসে পড়া ভবনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- CNN – ওয়েবসাইট
- BBC News – Myanmar earthquake: Inside Mandalay
- Rumor Scanner’s analysis





