রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে গত ০৭ জানুয়ারি। এর প্রেক্ষিতে দুইটি গণমাধ্যমের আদলে দুইটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, ‘স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি, ধরা পড়লো সিসি ক্যামেরায় জামায়াত নেতার ছবি।’
বিডিনিউজ২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে গু লি করে হত্যা করেছে জামায়াত শিবির।’
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যার ঘটনায় প্রচারিত ফটোকার্ডগুলো একাত্তর টিভি ও বিডিনিউজ২৪ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমগুলোর ফটোকার্ড ডিজাইন প্রযুক্তির সহায়তায় নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।
ফটোকার্ড যাচাই – ১
ফটোকার্ডটিতে থাকা একাত্তর টিভির লোগো ও প্রকাশের তারিখের (৭ জানুয়ারি) সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে ৭ জানুয়ারি এরূপ কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। এমনকি একাত্তর টিভির ওয়েবসাইটেও আলোচিত দাবি সমর্থিত সংবাদ পাওয়া যায়নি। তবে একইদিনে একাত্তর টিভির ফেসবুক পেজে একই ছবি সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। একাত্তর টিভির মূল ফটোকার্ডে ‘স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি, ধরা পড়লো সিসি ক্যামেরায়’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে আলোচিত বাক্যটি লেখা হয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে একাত্তর টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত একাত্তর টিভির পোস্টের মন্তব্যের ঘরে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনেও আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।
ফটোকার্ড যাচাই – ২
আলোচিত ফটোকার্ডে থাকা বিডিনিউজ২৪ এর লোগো ও প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে ৭ জানুয়ারি প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটেও আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে একইদিনে বিডিনিউজ২৪ এর ফেসবুক পেজে একই ছবি সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। বিডিনিউজ২৪ এর মূল ফটোকার্ডে ‘ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে গু লি করে হত্যা’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে আলোচিত বাক্যটি লেখা হয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বিডিনিউজ২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত বিডিনিউজ২৪ এর পোস্টের মন্তব্যের ঘরে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।
জাতীয় দৈনিক প্রথম আলোর ০৮ জানুয়ারির এক প্রতিবেদন সূত্রে সিসি ক্যামেরায় যাদের দেখা গেছে তাদের এখনও শনাক্ত করার কোনো তথ্য পাওয়া যায়নি। একই সাথে এই হত্যাকান্ডে জড়িতদের পরিচয়ও এখনও প্রকাশ্যে আসেনি।
সুতরাং, স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় একাত্তর টিভি ও বিডিনিউজ২৪ এর নামে প্রচারিত ফটোকার্ড দুইটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Ekattor: Facebook Post
- Bdnews24: Facebook Post





