শনিবার, জানুয়ারি 17, 2026

কথিত জরিপের বরাতে আ.লীগ ছাড়া ভোট কেন্দ্রে যাবে না ৬৫ শতাংশ মানুষ শীর্ষক ভুয়া তথ্য প্রচার  

সম্প্রতি “আওয়ামী লীগ ছাড়া ভোট কেন্দ্রে যাবে না ৬৫ শতাংশ মানুষ: জরিপ!” শীর্ষক দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির পোস্ট দেখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে, আওয়ামী লীগ ছাড়া ভোট কেন্দ্রে যাবে না ৬৫ শতাংশ মানুষ শীর্ষক তথ্য সংবলিত কোনো গ্রহণযোগ্য জরিপের সন্ধান পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। দাবিটির সূত্রপাত অনুসন্ধানে Gorom TV নামের একটি ফেসবুক পেজে গত ০৯ ডিসেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটির সন্ধান মেলে। তবে পোস্টে এ বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি৷ গরম টিভি নামের পেজটি মূলত বিনোদনের উদ্দেশ্যে বিভিন্ন কনটেন্ট বানিয়ে প্রচার করে।

Collage: Rumor Scanner 

কনটেন্টগুলো ব্যাপক প্রচারের কারণে অনেকেই এগুলোকে সত্য ভেবে নিয়ে বিভ্রান্ত হন। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে। 

পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

তবে দাবিটি প্রচারের আগের দিন অর্থাৎ গত ০৮ ডিসেম্বর জাতীয় দৈনিক প্রথম আলো প্রকাশিত এক জরিপ থেকে জানা যায়, নির্বাচনে আ.লীগকে চান না ২৮%, শর্তহীন ও শর্তযুক্তভাবে চান ৬৯%। প্রথম আলোর উদ্যোগে করা এই জরিপে দেশের ৫টি নগর ও ৫টি গ্রাম বা আধা শহরাঞ্চলের প্রাপ্তবয়স্ক (১৮-৫৫ বছর) ১ হাজার ৩৪২ জনের মতামত নেওয়া হয়। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণি ও পেশার। জরিপে তথ্য সংগ্রহ করা হয়েছে গত ২১ থেকে ২৮ অক্টোবর।

সুতরাং, কথিত জরিপের বরাত দিয়ে প্রচার হওয়া আওয়ামী লীগ ছাড়া ভোট কেন্দ্রে যাবে না ৬৫ শতাংশ মানুষ শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র 

  • Rumor Scanner’s analysis

আরও পড়ুন

spot_img