সোমবার, ডিসেম্বর 8, 2025

আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ২০১৮ সালের ভিডিও প্রচার 

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে, তা জানা যাবে আগামী ১৩ নভেম্বর। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক গত ২ নভেম্বর ‘বেঙ্গল নিউজ২৪’ নামক অনলাইন পোর্টালের সম্পাদক তাইমুর তুষারের সাথে এক লাইভ আলোচনায় বলেন, আগামী ১৩ নভেম্বর ঢাকায় সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি একটি মিছিলের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘আগামী ১৩ই নভেম্বর  বাংলাদেশ  আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি সফল করতে  বিক্ষোভ মিছিল সমাবেশ করেন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ সেচ্ছাসেবক লীগ বাংলাদেশ ছাত্রলীগঅঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এছাড়াও, ভিডিওটি গত অক্টোবর মাসে ঢাকায় আওয়ামী লীগের মিছিলের দৃশ্য দাবিতেও অনলাইনে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ঢাকায় সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি যুক্তরাজ্যে শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননাকারীদের গ্রেফতার ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবিতে প্রায় ৭ বছর পূর্বে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারিতে ফেনীতে হওয়া ফেনী জেলা ছাত্রলীগের মিছিলের দৃশ্য। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘জাবেদ হায়দার জর্জ’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারিতে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের তুলনা করলে মিল পাওয়া যায়। ভিডিওটি সম্পর্কে ভিডিওর বর্ণনা অংশে বলা হয়, ‘যুক্তরাজ্য বিএনপি- জামাত কর্তৃক জাতির পিতার ছবি অবমাননা, বাংলাদেশ দূতাবাসে হামলাকারী ও সাজাপ্রাপ্ত আসামী খুনী তারেককে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে ফেনী জেলা ছাত্রলীগের আজকের “বিক্ষোভ মিছিল”। ১১/২/২০১৮’।

Comparison : Rumor Scanner 

এছাড়াও, অনুসন্ধানে ফেনী ভিত্তিক সংবাদমাধ্যম ‘দৈনিক ফেনীর সময়’ এর ফেসবুক পেজে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারিতে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে মিছিলের একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। এ বিষয়ে পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘যুক্তরাজ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননকারিদের গ্রেফতার ও সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবীতে ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি) বিকালে পৌরসভা প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে ট্রাংক রোড সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের পৌর প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।..’

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ঢাকায় কোনো মিছিলের দৃশ্যের নয়। 

সুতরাং, ঢাকায় সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ভিডিও দাবিতে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারিতে ফেনীতে হওয়া ফেনী জেলা ছাত্রলীগের মিছিলের দৃশ্য প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img