সম্প্রতি, ‘মুছলেখার মেয়াদ শেষ না হওয়ায় দেশে ফিরতে পারছে না তারেক রহমান’ শিরোনামে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ছবিটি প্রায় ২ লক্ষ ৯৭ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান মুচলেকা না দিলে দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেননি আসিফ নজরুল। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, ‘আশার আলো’ নামক নামের একটি ফেসবুক পেজে গত ৩০ নভেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে। ‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এই পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোনও পোস্টকে সিরিয়াসলি নেবেন না।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ১ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো ধরনের আইনগত বাধা আছে বলে জানা নেই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, সে ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সুতরাং, তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে প্রচারিত আসিফ নজরুলের মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- আশার আলো – Facebook Post
- Prothom Alo – তারেক রহমানের দেশে আসায় আইনগত বাধা আছে বলে জানা নেই: আইন উপদেষ্টা





