রাজধানীর রমনা থানাধীন বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে মোটরসাইকেলযোগে এসে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় মো. মাসুদুর রহমান নামে এক যুবককে ধরে গণধোলাই দেয় জনতা।
১০ নভেম্বর রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। এরই প্রেক্ষিতে “এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা মুন্না শাহবাগ থানা শাহবাগ থানা ছাত্রশিবিরের কর্মী: ডিএমপি” শীর্ষক শিরোনামে আমার দেশ এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে।
একই দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা মুন্না শাহবাগ থানা শাহবাগ থানা ছাত্রশিবিরের কর্মী: ডিএমপি’ শীর্ষক তথ্যে বা শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশ এর লোগো এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ ১০ নভেম্বর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়। এর সূত্র ধরে অনুসন্ধানে আমার দেশ এর ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি আমার দেশ এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশ কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল লক্ষ্য করা যায়।

আমার দেশ এক ফেসবুক পোস্টে জানায়, “আমার দেশের নামে ফটোকার্ড করে ছড়ানো হচ্ছে ফেক নিউজ, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ।”
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
এদিকে ভুয়া ফটোকার্ডটিতে থাকা ছবিটির বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজার এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে একই ব্যক্তির ছবি পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত ব্যক্তির নাম মো. মাসুদুর রহমান। তবে উক্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় উল্লেখ পাওয়া যায়নি।
অন্যান্য গণমাধ্যম সূত্রেও একই তথ্য পাওয়া যায়।
সুতরাং, ‘এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা মুন্না শাহবাগ থানা শাহবাগ থানা ছাত্রশিবিরের কর্মী: ডিএমপি’ শীর্ষক তথ্যে বা শিরোনামে আমার দেশের নামে পরিচালিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis





