শনিবার, জানুয়ারি 17, 2026

সাদিক কায়েমকে জড়িয়ে আমার দেশ পত্রিকার নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ -এর একটি নিউজ ফটোকার্ড প্রচারিত হয়। যাতে লেখা ছিল, ‘১৯৭১ সালে পাকিস্তানিরা গনহত্যা চালিয়েছিলো সহযোগী ছিলো আল বদর: সাদিক কায়েম।’ পোস্টকারী ক্যাপশনে লিখেছেন, “হায় হায় নিজের পায়ে কামর দিলো।”

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘১৯৭১ সালে পাকিস্তানিরা গনহত্যা চালিয়েছিল সহযোগী ছিল আল বদর: সাদিক কায়েম’ এমন শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম আমার দেশেের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ০১ ডিসেম্বর ২০২৫ উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে অনুসন্ধানে আমার দেশের ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। 

ফটোকার্ড বিশ্লেষণে দেখা যায়, প্রচারিত ফটোকার্ডটির সঙ্গে ‘আমার দেশ’ সংবাদ মাধ্যমটির আসল ফটোকার্ডের বেশ কিছু অসামঞ্জস্যতা রয়েছে। প্রথমত, দুটি ফটোকার্ডের শিরোনাম লেখার ফন্টে পার্থক্য রয়েছে। দ্বিতীয়ত, অফিশিয়াল ফটোকার্ডে ‘০১ ডিসেম্বর’ লেখা হলেও প্রচারিত ফটোকার্ডে তা ‘১লা ডিসেম্বর’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া, ‘বিস্তারিত কমেন্টে’ টেক্সটের দুই পাশে আসল ফটোকার্ডে যেখানে side arrow ব্যবহৃত হয়েছে, সেখানে প্রচারিত ফটোকার্ডটিতে down arrow চিহ্ন ব্যবহার করা হয়েছে।

Comparison : Rumor Scanner 

এছাড়া সাদিক কায়েমের ভেরিফাইড ফেসবুক পেজে খুঁজেও তার এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। মূলধারার গণমাধ্যমগুলোতেও উক্ত দাবি সমর্থন করে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, সাদিক কায়েমকে উদ্ধৃত করে আমার দেশের নামে প্রচারিত ‘১৯৭১ সালে পাকিস্তানিরা গনহত্যা চালিয়েছিল সহযোগী ছিল আল বদর’ শীর্ষক ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img