সম্প্রতি,অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ‘হাসনাত সরকারের কেউ নয়, ভারতের উচিত টোকাইদের কথায় কর্ণপাত না করা’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইলেক্ট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ‘হাসনাত সরকারের কেউ নয়, ভারতের উচিত টোকাইদের কথায় কর্ণপাত না করা’ শীর্ষক মন্তব্যটি করেননি। ডিবিসি নিউজও এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ফটোকার্ডটিতে ডিবিসি নিউজের লোগো রয়েছে এবং ফটোকার্ডটি প্রচারের তারিখের স্থলে ‘১৭ই ডিসেম্বর, ২৫’ লেখা দেখতে পাওয়া যায়। এই সূত্র ধরে অনুসন্ধান করে গণমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গণমাধ্যমটির ফেসবুক পেজে গত বছরের ১৭ ডিসেম্বর ‘হাসনাত সরকারের কেউ নয়, তার বক্তব্য নিয়ে দিল্লির উদ্বেগ অবান্তর : পররাষ্ট্র উপদেষ্টা’ শীর্ষক শিরোনামের একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনাম ব্যতীত বাকি সব উপাদানের মিল রয়েছে। মূল ফটোকার্ডে থাকা শিরোনামটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়াও, বিশ্বস্ত কোনো সূত্রে হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে তৌহিদ হোসেনের এ ধরনের মন্তব্যের কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে উদ্ধৃত করে ‘হাসনাত সরকারের কেউ নয়, ভারতের উচিত টোকাইদের কথায় কর্ণপাত না করা’ শিরোনামে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- DBC News Facebook Page Post
- Rumor Scanner’s Analysis





